News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

আবদুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:৫৭ পিএম আবদুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৯ জুন সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সব বাধা উপেক্ষা করে আমরা বাংলাদেশে অসৎ নেতৃত্বের পরিবর্তন করবো। সৎ নেতৃত্ব কায়েম করবো। নেতাদের কপাল বড় করার জন্য বা গড়ার জন্য নয়, বরঞ্চ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

নারায়ণগঞ্জ মহানগরীর বর্তমান প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এই নারায়ণগঞ্জ মহানগরীতে আমরা দাবি করি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক।

ডা. শফিকুর রহমান জামায়াতের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করে বলেন, আগামী নির্বাচনে জনগণের দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে ক্যান্ডিডেট দেবে। আজ আপনাদের কাছে আমরা এমন একজন মানুষ উপহার দিয়ে যাচ্ছি; যিনি কিশোর জীবন থেকে তিলে তিলে সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে স্বপ্নে মানুষের কল্যাণ। আমরা সেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় জননেতা মাওলানা আবদুল জব্বারকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছি।

সুস্থ ও অবাধ রাজনৈতিক পরিবেশের তাগিদ দিয়ে জামায়াত নেতা আরও বলেন, অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরও অনেকে করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। রাজনীতির সুস্থ ময়দানে, গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন যেন হয়। আগামীতে যেন কোনো চুরি-ডাকাতি না হয়, ভোট জালিয়াতি না হয়, হুমকি-ধমকি দেওয়া না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং না হয়।

সুষ্ঠু নির্বাচন হলে জনগণের সঠিক প্রতিফলন ঘটবে আশা ব্যক্ত করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ, যোগ্য ও আল্লাহভীরু মানুষকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করবে।