বন্দরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো অপহৃত শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রোববার ২১জুন বন্দর থানায় মামলা হয়েছে। অপহরণের শিকার ছাত্রীর বাবা সাহাবউদ্দিন বাদী হয়ে সোনারগাঁও উপজেলার মাধবপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে মো. হাসানের (২০) নাম উল্লেখ করে এবং তার এক সহযোগীকে অভিযুক্ত করে মামলাটি করেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার অন্তরা আক্তার আরজুদা (১৪) বন্দরের মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়শই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বখাটে হাসান।
গত ১৯ জুন শুক্রবার দুপুর ২টার দিকে আরজুদা তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির পাশে বালুচর বাজারে যাচ্ছিল। এ সময় আগে থেকেই ওতপেতে থাকা হাসান ও তার এক সহযোগী আরজুদার পথরোধ করে এবং জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে মামলার বাদি ও ছাত্রীর বাবা বাবা সাহাবউদ্দিন জানান, তার মেয়েকে হাসান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো মেয়ের কোনো খোঁজ পাননি। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।






































আপনার মতামত লিখুন :