News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বাবা: নীরব ভালোবাসার আরেক নাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আসামাউল হুসনা প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৯:২৭ পিএম বাবা: নীরব ভালোবাসার আরেক নাম

‘বাবা’ শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা বিশাল। এই ছোট্ট শব্দের ভেতরে লুকিয়ে আছে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও নীরব সংগ্রামের এক বিশাল পৃথিবী। পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, যা কথায় প্রকাশ পায়। কিন্তু বাবার ভালোবাসা অধিকাংশ সময় প্রকাশ পায় দায়িত্বে, ত্যাগে এবং নিরবচ্ছিন্ন সংগ্রামে। তিনি হয়তো খুব কম বলেন, কিন্তু সন্তানের জন্য তার চিন্তা, উদ্বেগ ও ভালোবাসার কোনো শেষ নেই।

একজন বাবা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন পরিবারের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে। প্রচ- গরম, ঝড়-বৃষ্টি কিংবা অসুস্থ শরীরও তাকে থামাতে পারে না। কারণ পরিবারের দায়িত্ব তার কাছে সবার আগে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিজের অনেক স্বপ্ন, শখ ও চাওয়া-পাওয়াকে বিসর্জন দেন। অনেক সময় সন্তান নতুন পোশাক পায়, অথচ বাবা বছরের পর বছর পুরোনো পোশাকেই কাটিয়ে দেন। সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে তিনি নিজের প্রয়োজনগুলোকে নীরবে গৌণ করে রাখেন।

আমাদের সমাজে মায়ের ভালোবাসা নিয়ে অনেক আলোচনা হয়, হওয়াও উচিত। তবে বাবার নীরব ভালোবাসা অনেক সময় আলোচনার আড়ালেই থেকে যায়। কারণ তিনি কান্না লুকাতে জানেন। সন্তানের সামনে সবসময় শক্ত থাকার চেষ্টা করেন। সংসারের শত চাপ, আর্থিক সংকট কিংবা ব্যক্তিগত কষ্ট বুকের ভেতর চেপে রেখে তিনি পরিবারের জন্য অবিচলভাবে লড়ে যান। একজন সন্তানের জীবনে বাবা শুধু অভিভাবক নন, তিনি প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা এবং প্রথম নিরাপদ আশ্রয়। সন্তানের সফলতায় তিনি গর্বিত হন, আবার ব্যর্থতার সময়ও নীরবে পাশে দাঁড়ান। তার হাতের শক্ত মুঠো সন্তানকে সাহস দেয়, আর তার অভিজ্ঞতা জীবনের পথ দেখায়।

বিশ্বজুড়ে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালিত হয়। তবে বাবাকে সম্মান জানাতে কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন প্রকাশ করা উচিত প্রতিদিন। একটি খোঁজ নেওয়া, কিছু সময় পাশে বসা কিংবা আন্তরিক কৃতজ্ঞতার কয়েকটি শব্দ, এসবই একজন বাবার কাছে অনেক বড় প্রাপ্তি।

কিন্তু বর্তমান সময়ে অনেক বাবা বার্ধক্যে এসে একাকীত্বের শিকার হচ্ছেন। যাদের হাত ধরে সন্তানরা হাঁটতে শিখেছে, জীবনের পথে এগোতে শিখেছে, সেই বাবাদের অনেকেই আজ অবহেলা ও নিঃসঙ্গতার মধ্যে দিন কাটান। এটি শুধু পারিবারিক সংকট নয়, আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরও একটি বড় সংকেত। বাবা দিবস কেবল শুভেচ্ছা জানানোর দিন নয়; এটি আমাদের দায়িত্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাও মনে করিয়ে দেয়।

তাই এই বাবা দিবসে আমরা শুধু শুভেচ্ছা নয়, একটি প্রতিজ্ঞাও করি যে মানুষটি সারাজীবন আমাদের জন্য ছায়া হয়ে থেকেছেন, তার বার্ধক্য যেন কোনোভাবেই অবহেলা ও নিঃসঙ্গতায় না কাটে। কারণ একজন বাবার নীরব ত্যাগের ঋণ কখনো শোধ করা যায় না। তবে ভালোবাসা, সম্মান ও নিখাদ যতেœর মাধ্যমে তার মুখে হাসি ফোটানোই হতে পারে আমাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা।