News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রতারণা মামলায় জেলহাজতে জালকুড়ির সুমন ও শফিউদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৫:৫০ পিএম প্রতারণা মামলায় জেলহাজতে জালকুড়ির সুমন ও শফিউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০ শতাংশ জমি নিয়ে প্রতারণার মামলায় সুমন আহমেদ ওরফে পাকনা সুমন এবং শফিউদ্দিন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৮ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি তেরা মার্কেট এলাকার বাসিন্দা মহিউদ্দিন মোল্লার ছেলে মাহাবুব আলম ও তাঁর সহযোগীদের সঙ্গে জালকুড়ি এলাকার দশপাইপ সংলগ্ন ৬০ শতাংশ জমি নিয়ে এ বিরোধের সূত্রপাত। ওই জমি ৫০ লাখ টাকায় বিক্রির জন্য সুমন, তাঁর চাচাতো-সম্পর্কীয় আত্মীয় শফিউদ্দিনসহ মোট ছয়জনের সঙ্গে মাহাবুব আলমদের বায়নাপত্র সম্পাদিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বায়নাপত্রের শর্ত অনুযায়ী, জমির প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, নামজারি সম্পন্ন ও খাজনা পরিশোধের পর বাকি টাকা নিয়ে মাহাবুব আলমদের নামে জমির কবলা দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল।
তবে অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে সুমন ও শফিউদ্দিন মাহাবুব আলমদের না জানিয়ে ওই জমির নামজারি সম্পন্ন ও খাজনা পরিশোধ করেন। এর মাত্র চার দিনের মধ্যে, গত বছরের ১২ নভেম্বর, অন্য ব্যক্তিদের কাছে জমিটি বিক্রি করে দেন তাঁরা। এ জন্য ৮৯৮৪ নম্বর দলিল সম্পাদন করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে। বেশি দামে জমি বিক্রির উদ্দেশ্যে এ কাজ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন বাদীপক্ষ।

বিষয়টি জানার পর মাহাবুব আলম ও তাঁর সহযোগীরা সুমন ও শফিউদ্দিনের কাছে জমি বিক্রির বিষয়ে জানতে চান। তাঁদের দাবি ছিল, বায়না বাবদ টাকা নেওয়ার পর চুক্তি অনুযায়ী জমি বুঝিয়ে দিতে হবে। কিন্তু অভিযোগ অনুযায়ী, জমির আশা ছেড়ে দিতে বলা হয় তাঁদের। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে জানমালের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন বাদীপক্ষ।

এ ঘটনায় প্রতিকার চেয়ে মাহাবুব আলম বাদী হয়ে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটির নম্বর ২৭৫/২৬। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ওপর ন্যস্ত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর বুধবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আরও অভিযোগ, সুমন ও শফিউদ্দিনের বিরুদ্ধে জমি নিয়ে জালিয়াতি ও প্রতারণার আরও অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত অন্য মামলাও চলমান।