News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আইভীর স্লোগানে উত্তপ্ত নারায়ণগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৯:৩০ পিএম আইভীর স্লোগানে উত্তপ্ত নারায়ণগঞ্জ

বাংলায় লোকমুখে একটি বহুল প্রচলিত প্রবাদ বাক্য হচ্ছে “মৌচাকে ঢিল মারা” যার সারর্মম দাঁড়ায়, “এমন কোনো কাজ করা যার ফলে শান্ত বা সুপ্ত কোনো গোষ্ঠী বা পরিস্থিতি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে গাড়ীতে উঠার সময় সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী, আইনজীবী সহ উপস্থিত বহু মানুষের মাঝেই বলে উঠেন  “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না”।

আইভীর এই কথা বলার সাথে সাথেই আশে পাশে উপস্থিত তার সমর্থকরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান ধরেন।

মুষ্টিবদ্ধ করে হাত উচিয়ে আইভীর আদালতপাড়ায় “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না” এই উক্তিটিকে অনেকেই মৌচাকে ঢিল মারা’র সাথে তুলনা করছেন। ইতোমধ্যে স্লোগান ঘটনার পর রাতেই তাঁর আইনজীবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।

অন্যদিকে বুধবার ১৪ অক্টোবর দুপুরে আইভীর স্লোগান কান্ডে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আদালত প্রাঙ্গনে এসে রাজনীতি করতে চাচ্ছেন। ফ্যাসিস্ট স্বৈরাচরাকে পুনর্বাসন করতে চান। নারায়ণগঞ্জের মানুষ এ অভিলাষ পূর্ণ করতে দিবে না। যারা আদালতপাড়ায় স্লোগান দিয়েছেন তাদের প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করা হবে। যদি আগামীতে গ্রেপ্তারে কোন ধরনের ছাড় দেওয়া হয় ও ব্যর্থ হয় তাহলে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য ২০২৪ এর ৫ আগষ্টের পর কিছুদিন চুপ ছিলেন আইভী। কিন্তু ১৫ আগস্ট তিনি আলোচনার জন্ম দেন। সেদিন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাইরাল হয়ে উঠে পুরো বিষয়। কিন্তু তার পরেও আইভীর কিছু হয়নি। বাড়িতেই ছিলেন তিনি। ২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে উঠার আগেও জয়বাংলা স্লোগান দিয়েছিলেন আইভী।

প্রায় ১৩ মাস কারাবাসের পর আইনি প্রক্রিয়া ও জামিনের দীর্ঘ আইনি জটিলতার পর পরবর্তীতে বিভিন্ন মামলায় উচ্চ ও নিম্ন আদালত থেকে চলতি বছরের ৩ জুন রাতে জামিন লাভ করেন। ওই দিন বাসায় ফিরে সরকারের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে ছিলেন আইভি। পরবর্তীতে ২৮ জুলাই প্রথম বারের মত নারায়ণগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে আইভী স্বশরীরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজির হন। শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন।

আইভীর আদালতপাড়ায় স্লোগানের ঘটনাটিতে এখন অনেকটাই উত্তপ্ত নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনার কারনে বিএনপির নেতাকর্মীরা এখন আইভীর বাড়ীর ইট খুলে ফেলারও হুমকি দিচ্ছেন। এখন সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা সময়ই বলে দিবে।