আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ২৪০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদানে জেলা পরিষদের প্রশাসক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন; এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক, সেটি আমাদের সবার কামনা। নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ২৪০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনে কিছুটা হলেও সহায়তা হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে।”
মতবিনিময়কালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অংশ। পূজার সার্বিক পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ রাখতে প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আরও বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, সদর উপজেলার সহ-সভাপতি কিশোর দাস, সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজুন দাস, মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক তপন চন্দ্র ধর, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, সদর উপজেলার যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন ঘোষ, ভবন বর্মন সহ নারায়ণগঞ্জ ঐক্য পরিষদ সদস্যবৃন্দ।


-20261014163438.jpg)




-20261014160041.jpg)




























আপনার মতামত লিখুন :