News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মাসদাইরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন


কালের কণ্ঠ হতে নেওয়া প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:২৪ পিএম মাসদাইরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

এরপর সে ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে গিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

তিনি আরো জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।