বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদঘাটন করেছে সংস্থাটি।
গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক দল। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ানের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল নির্ধারিত উৎপাদনকাজে ব্যবহার না করে খোলাবাজারে সরবরাহের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
অভিযানে গুদামে থাকা সুতা, ফেব্রিকস, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের মজুতের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।
পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে এই বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। রূপগঞ্জের এ প্রতিষ্ঠানটির ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার ফাঁকির তথ্য পাওয়া গেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা, আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলসের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা এবং রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলসের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানের গুদামে ঘোষিত হিসাবের তুলনায় সুতা ও ফেব্রিকসের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত ছিল। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করে।
বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান শুল্ক-কর ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ পায়। তবে এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার রাজস্ব হারায়। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে। ফলে প্রাথমিকভাবে নির্ধারিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)





(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :