News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

খাবারের সময়ে আজমেরী ওসমানকে ভিডিও কল দেয় আক্তার নূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:২১ পিএম খাবারের সময়ে আজমেরী ওসমানকে ভিডিও কল দেয় আক্তার নূর

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎তার দাবি, একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিও সম্পাদনা (এডিট) ও কার্টসিট করে তার সঙ্গে আজমেরী ওসমানের ভিডিও কলে কথোপকথনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ওই অনুষ্ঠানে আজমেরী ওসমানের সঙ্গে তার কোনো কথা বা ভিডিও কলে কথোপকথন হয়নি বলেও দাবি করেন তিনি।

‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সজল।

‎সংবাদ সম্মেলনে সজল বলেন, গত ২২ অক্টোবর তার সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তার সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নূরও উপস্থিত ছিলেন।

রাজনৈতিকভাবে আক্তার নূর আজমেরী ওসমানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন উল্লেখ করে সজল বলেন, তার সঙ্গে আক্তার নূরের সম্পর্ক সম্পূর্ণ পারিবারিক।

‎সজলের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের সময় আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আজমেরী ওসমানকে অনুষ্ঠানের ভিডিও দেখাচ্ছিলেন বলে জানান সজল।

সে সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন এবং আক্তার নূর কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, তা তিনি জানতেন না বলেও দাবি করেন।

‎তিনি বলেন, পরবর্তীতে ওই ভিডিওর একটি অংশ কার্টসিট করে ‘যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে মহানগর যুবদলের সভাপতি সজলের ভিডিও কলে কথোপকথন’ এমন শিরোনামে প্রচার করা হচ্ছে। তার দাবি, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎সাংবাদিকদের উদ্দেশে সজল বলেন, আপনারা ভিডিওটি বিচার ও বিশ্লেষণ করে দেখবেন, সেখানে আমার ভূমিকা কী ছিল। আক্তার নূর কার সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি তখন খাবার খাচ্ছিলাম। ভিডিওতে আমি সরাসরি তার সঙ্গে কথা বলছি এমন কোনো কিছুই হয়নি। অথচ ভিডিওটি এডিট করে আমার সঙ্গে আজমেরী ওসমানের কথোপকথন হয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে সজল বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৩ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

‎তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। এ সময় হামলা-মামলা, জেল-জুলুমসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে কোনো পরিস্থিতিতেই বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি বলে জানান সজল।

‎ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সজল বলেন, একটি স্বার্থান্বেষী মহল নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ ব্যক্তিরাই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ব্যবহার করে তার ব্যক্তিগত ভাবমূর্তি এবং বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

‎সবশেষে সজল বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমার এবং জাতীয়তাবাদী যুবদলের সুনাম নষ্ট করা যাবে না, ইনশাআল্লাহ।