News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৪ পিএম সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে খুঁজতে ফতুল্লায় তার মালিকানাধীন "উইজডম অ্যাটায়ার্স লিমিটেড" নামের পোষাক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময়ে তাকে কারখানায় পাওয়া যায়নি।

কারখানাটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় সাদা একটি বড় হাইচ মাইক্র বাসে করে পোষাকে ৮/১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ(ডিবি) বলে জানায়। তারা তখন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিকট  সেলিম ওসমান সম্পর্কে জানতে চান। তখন তাদেরকে জানানো প্রায় ছুটি হয়ে যাওয়ায় ঘন্টাখানেক পূর্বে  কারখানার সকল শ্রমিকেরা চলে গেছে। ভিতরে কেউ নেই। তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, কয়েকদিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার তাদের নিকট সংবাদ ছিলো যে সেলিম ওসমান  ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্ত সেলিম ওসমানকে পাওয়া যায়নি।

তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম  ওসমানকে  গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। "তার  অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।”

একাধিক সূত্র,এর আগেও তাকে ২০২৫ সালের ১৬ ডিসম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেফতার করতে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়েছিলো। তখনও তাকে পায়নি।

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তিনি তার বড়ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য। তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএ'র সভাপতি।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন বলে অনেকে দাবি করছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন বলেন,সেলিম ওসমান ফতুল্লায় কারখানা চালাচ্ছেন এবং এখানে এসে ও তদারকি করেন।

তার এমন মন্তব্যের পর আবারো সেলিম ওসমানের অবস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।