News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অভিযোগের পর অভিযোগ, ফের দলীয় পদ হারালেন ইকবাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:২২ পিএম অভিযোগের পর অভিযোগ, ফের দলীয় পদ হারালেন ইকবাল

একটির পর একটি অভিযোগ, বিতর্ক আর সমালোচনার মধ্যেই আবারও দলীয় শাস্তির মুখে পড়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।

জমি দখল, চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টার মতো একাধিক অভিযোগের পর এবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। এর আগে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায়ও দল থেকে শাস্তি পেয়েছিলেন তিনি। পরে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও নতুন করে বিতর্কে জড়ানোয় আবারও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইকবালের বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সা¤প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিবের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইকবালের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি ওঠে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায়। সেখানে ৭ দশমিক ৮০ শতাংশ জমি কিনে বসতঘর নির্মাণ করছিলেন অবসরপ্রাপ্ত সরকারি গাড়িচালক মো. শাহাদাত হোসেন সানু। তাঁর অভিযোগ, গত ৭ অক্টোবর ইকবাল হোসেনসহ কয়েকজন নির্মাণকাজে বাধা দিয়ে কাজ চালিয়ে যেতে হলে ৫০ লাখ টাকা দিতে বলেন। তিন দিনের মধ্যে টাকা না দিলে সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়।

শাহাদাতের দাবি, এর কয়েক দিন পর আবারও সেখানে গিয়ে তাঁকে ও নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষ ২৯ অক্টোবর রাত ১০টার দিকে ইকবালসহ ৯ জন এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা চালান। এ সময় শ্রমিক ও আশপাশের মানুষের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ইকবালসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

তবে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। গত ১৬ সেপ্টেম্বর ফতুল্লার ভ‚ইগড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ ওঠে ইকবাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. কাশেম মোল্লা ও তাঁর স্ত্রী কহিনূর আক্তার পাপিয়ার দাবি, তাঁদের কেনা জমিতে ইকবাল ও তাঁর লোকজন মালিকানা দাবি করে সাইনবোর্ড স্থাপন করেন। পরে আদালতের নির্দেশে জমি পরিদর্শনে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এর আগে গত ২৬ জুন সিদ্ধিরগঞ্জ থানায় ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ করেন নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সচিব মো. মেহেদী হাসান। তাঁর অভিযোগ, ২৩ জুন রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেওয়ার পর তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ইকবাল তাঁকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। একই বছরের ৪ জুন এক ব্যবসায়ীর জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন চৌরাঙ্গী গ্রুপের স্বত্বাধিকারী কাজী আব্দুস সাত্তার।

ইকবালের বিরুদ্ধে দলীয় শাস্তির ঘটনা অবশ্য পুরোনো। ২০২৪ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছিল। পরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এরপরও একের পর এক অভিযোগ ওঠায় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও অবস্থান পরিবর্তনের ইতিহাস রয়েছে ইকবালের। একসময় তিনি সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অবস্থান নেন আজহারুল ইসলাম মান্নানের পক্ষে। তবে রাজনৈতিক বলয়ের পরিবর্তন হলেও তাঁকে ঘিরে বিতর্কের অবসান হয়নি।

এদিকে বারবার অভিযোগ ওঠা এবং দলীয় শাস্তির পরও একই ধরনের বিতর্কে জড়ানোর ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় পদ কোনোভাবেই অপরাধের দায় থেকে কাউকে রক্ষা করতে পারে না।