News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দুই প্যানেলে বিভক্ত বিএনপিপন্থী আইনজীবীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:৫৮ পিএম দুই প্যানেলে বিভক্ত বিএনপিপন্থী আইনজীবীরা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচনের প্রস্তুতির শুরু থেকেই বিএনপিপন্থী আইনজীবীরা দুই প্যানেলে বিভক্ত হয়ে পড়েছেন। তারা দুই প্যানেলকে সামনে রেখেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। আইনজীবী সমিতির নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বিএনপিপন্থী আইনজীবীদের বিভক্ত প্যানেলের প্রস্তুতিই পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্ব›দ্বী আইনজীবীরা প্রত্যেকেই যোগাযোগ বাড়িয়েছেন এবং বিভিন্নভাবে আইনজীবীদের নজরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ আদালতপাড়ার একজন প্রভাবশালী আইনজীবী হলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্ব পালন করার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহযোগি হিসেবে কাজ করে আসছেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে শুরু করে মহানগর বিএনপির রাজনীতির প্রতিটি পদক্ষেপে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে আসছেন।

অনেক সময় বিএনপির অনেক নেতারা সাখাওয়াত হোসেন খানের পাশে না পাওয়া গেলেও এইচ এম আনোয়ার প্রধানকে ঠিকই পাওয়া যেতো। সাখাওয়াত হোসেন খানের পদ পদবি না থাকা অবস্থাতেও আনোয়ার প্রধান তার সাথে থেকে একের পর এক কর্মসূচি পালন করে গেছেন। সেই সাথে সাখাওয়াত হোসেন খান ধীরে ধীরে রাজনীতিতে এগিয়ে যেতে থাকেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক পদে অধিষ্ঠিত হন।

এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হন।

তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে অধিষ্ঠিত হয়ে যান মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আর এই প্রশাসকের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আগের মতো সময় দেয়া হয়ে উঠে না অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের।

বিপরীতে দীর্ঘদিনের রাজনীতিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আনোয়ার প্রধানের একটা শক্তিশালী বলয় গড়ে উঠেছে। যারা তার একান্ত অনুগত হিসেবে কাজ করে থাকেন। একই সাথে আদালতপাড়ায় সাখাওয়াত হোসেন খানের অনুপস্থিতিতে আনোয়ার প্রধানের বলয়টি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অনেক আইনজীবীরা সাখাওয়াত হোসেন খানের পরে আনোয়ার প্রধানকেই শক্তিশালী ভাবতে শুরু করছেন।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পরপর দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন এইচ এম আনোয়ার প্রধান। আর তার দায়িত্বে আসার পিছনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ভূমিকাও রয়েছে। তিনি পাশে সহযোগিতা না করলে হয়তো আনোয়ার প্রধানের সহজ হতো না। তবে এই পদে আসার পর থেকেই সাখাওয়াত হোসেন খানের সাথে আনোয়ার প্রধানের দূরত্ব বাড়তে থাকে। দুইজনই দুইজনকে এড়িয়ে চলার চেষ্টা করে থাকেন।

আনোয়ার প্রধান পরপর দুইবার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে তিনি আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে পারবেন না। তাকে সাধারণ সম্পাদক পদ ছাড়া সভাপতি পদ কিংবা নিচের কোনো পদে নির্বাচন করতে হবে।

এরই মধ্যে ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচন। আর এই নির্বাচনে আনোয়ার প্রধান সভাপতি পদে নির্বাচন করতে চান। কিন্তু আনোয়ার প্রধান এখনই সভাপতি পদে নির্বাচন করুক কিংবা সভাপতি পদে আসুক এটা যেন চাচ্ছেন না সাখাওয়াত হোসেন খান। তিনি চাচ্ছেন অন্য কোনো সিনিয়র আইনজীবীকে সভাপতি পদে সুযোগ করে দেয়ার দেয়ার জন্য। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনো আলাপ আলোচনা হয়নি। তবে পরোক্ষভাবে সাখাওয়াত হোসেন খান এটাই চাচ্ছেন বলে মনে করছেন আইনজীবীরা।

এদিকে এ বিষয়টি আবার আনোয়ার প্রধান মেনে নিতে চাচ্ছেন না। আনোয়ার প্রধান চাচ্ছেন আইনজীবী সমিতির এবারের নির্বাচনেই সভাপতি পদে অংশগ্রহণ করে আইনজীবী সমিতির সভাপতি হওয়ার জন্য। ফলে এ নিয়ে সাখাওয়াত হোসেন খানের সাথে আনোয়ার প্রধান পরোক্ষ বিরোধ সৃষ্টি হয়েছে। সেই সাথে দিন যাওয়ার সাথে সাথে তাদের বিরোধ ঘনীভূত হয়। ধীরে ধীরে তারা যেন একে অপরের অসহ্য হয়ে পড়েন।

যার ফলশ্রæতিতে নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

আইনজীবীরা জানান, এদিন বিকেলের দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে আইনজীবীদের নিয়ে খাওয়ার আয়োজন করা হয়। বিপরীতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের পক্ষে অন্য আইনজীবীদের নিয়ে খাওয়ার আয়োজন করা হয়। আর এই আয়োজনকে কেন্দ্র করে এদিন দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখী অবস্থানে ছিলো।

এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আদালতে প্রবেশ করেন এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের চেম্বারে বসেন। এসময় বিপরীত পক্ষে থাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের অনুসারীরা থেমে থেমে চিৎকার-চেঁচামেচি এবং হৈ-হুল্লোড় করতে থাকে।

পরবর্তীতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এগিয়ে গিয়ে বিপরীতে থাকা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরকে জিজ্ঞাসা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এসময় তাদের সাথে যোগ দেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সেই সাথে আইনজীবীরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে যান।

পরদিন আবার নারায়ণগঞ্জ আদালতে শক্তি মহড়া প্রদর্শন করেছেন মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তাদের দুইজনকে কেন্দ্র করেই অনুসারীরা নারায়ণগঞ্জ আদালতে মহড়ার মাধ্যমে কে কার থেকে বেশি শক্তিশালী সেই প্রতিযোগিতায় মেতে উঠেন। তাদের এসকল কার্যক্রমের মধ্য দিয়ে আইনজীবী সমিতির আগামী নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই প্যানেলের বিষয়টিও স্পষ্ট হয়ে উঠে।

যার ধারাবাহিকতকায় একটি প্যানেলে আলোচনায় রয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহŸায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে প্যানেল ঘোষণা করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর তাদের প্রতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সমর্থনও রয়েছে বলে প্রচার করা হচ্ছে। তাদের বিপরীতে অ্যাডভোকেট এম এইচ আনোয়ার প্রধান ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নের নেতৃত্বে আরেকটি প্যানেল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তারা বেশ আলোচনায় রয়েছেন।

এর আগে আইনজীবী সমিতির গত নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল অংশ নিয়েছিলো। যার মধ্যে বিএনপি পন্থী আইনজীভীদের দুইটি প্যানেল এবং জামায়াতপন্থী আইনজীবীদের একটি প্যানেল। আর এই তিন প্যানেলের লড়াইকে কেন্দ্র করে জমজমাট ছিলো নারায়ণগঞ্জ আদালতপাড়া। প্রচার-প্রচারণায় সরব ছিলো নারায়ণগঞ্জ আদালতপাড়া। আইনজীবীদের মধ্যে ছিলো উৎসবমুখর আমেজ।