News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে একদিনে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪০ পিএম নারায়ণগঞ্জে একদিনে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে একদিনে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর সকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা।

একই দিন বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুর রশীদ ভূঁইয়া।

তিনি ছিলেন আড়াইহাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত কয়েকদিন ধরেই রশিদ ভূইয়া শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়।

খোকন সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় আক্রান্ত হওয়ার পর সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সোমবার রাতে তাঁকে মহাখালীর হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা থাকায় গ্রেপ্তারসংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর থেকে তাঁর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি।

খোকন সাহা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত ও প্রভাবশালী মুখ।