News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লার শ্রমিক অসন্তোষে সেলিম ওসমান ও হাতেমকে সন্দেহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:৩৪ পিএম ফতুল্লার শ্রমিক অসন্তোষে সেলিম ওসমান ও হাতেমকে সন্দেহ

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের পেছনে সাবেক এমপি সেলিম ওসমান ও আওয়ামী লীগের উস্কানি রয়েছে অভিযোগ করেছেন এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ইঙ্গিত করে আল আমিন এসব অসন্তোষের পেছনে বিভিন্ন বাণিজ্য সংগঠনে ওসমান পরিবার ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রছে জানান।

রোববার ৮ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আল আমিন বলেন, দুই মাস আগে এখানে মিটিংয়ের শেষে আমি চেম্বারের সভাপতি দিপু ভূইয়াকে আগে থেকেই শ্রমিক অসন্তোষ নিয়ে বার্তা দিয়েছিলাম কারণ শ্রমিকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তখনই আমি দিপু ভূইয়াকে বলেছিলাম ব্যবসায়িক ফোরামগুলো একটু চেক দেন। দরকার হলে আপনাদের দলের প্রশাসক বসান, কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের রাখবেন না। তারা আপনাদের বিপদে ফেলবে। মুভমেন্ট হওয়ার পরে আপনি বলবেন, আসলে এখানে আওয়ামী লীগ ব্যাক করতেছে। আপনার বিজনেস ফোরামের প্রেসিডেন্ট পদে যখন আওয়ামী লীগ বসে থাকে, আপনি যদি কিছু করতে না পারেন, তাহলে তো উস্কানিটা ওখান থেকে আসবেই। এই জন্য এই ব্যাপারে আমাদের স্পষ্ট ভূমিকাটা থাকতে হবে।

সেলিম ওসমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেলিম ওসমান এখানে ফ্যাক্টরি চালায় এবং উনি নিজে আসেন। সেলিম ওসমানের সঙ্গে যারা সম্পৃক্ত বিষয়গুলো চলমান থাকাবস্থায় আপনি কিভাবে আওয়ামী লীগকে ট্যাকল দেবেন? যদি আওয়ামী লীগের নেতা ফ্রি স্পেস পায়, আপনি তো কর্মীদের ধরতে পারবেন না। এই ইস্যুটা আমাদের অ্যাড্রেস করতে হবে এবং কীভাবে এটা ডিল করবেন, এই সিদ্ধান্তটা আমাদের সবাই মিলে নেওয়া উচিত। কারণ, এই ঘটনা পুনরায় ঘটানোর চেষ্টা করবে ফ্যাসিস্ট শক্তি। কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা সবাই মিলে চাইলে নারায়ণগঞ্জের পরিস্থিতিটা সুন্দর হবে। এবং ফ্যাসিস্টের ব্যাপারে এটা সবসময় আমি বলব, ঐক্যবদ্ধ থাকতে চাই। যেকোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে থাকতে চাই এবং কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের পার্ট হতে চাই না। আওয়ামী লীগ ছিল অনির্বাচিত সরকার, তার বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করেছি। কিন্তু নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চাই না। তবে নিয়মতান্ত্রিক যেকোনো আন্দোলন হলে আমার সমর্থন থাকবে। তবে আওয়ামী লীগ সুযোগ নিলে আওয়ামী লীগের ওপর কঠোর ব্যবস্থা নিতে হবে।