News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আমির হামজাকে ঘিরে বন্দরে উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৫০ পিএম আমির হামজাকে ঘিরে বন্দরে উত্তেজনা

নারায়ণগঞ্জের বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলে সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে প্রধান অতিথি করার ঘোষণা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর আগমন নিয়ে আপত্তি জানিয়েছেন জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। অন্যদিকে, প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন আয়োজকরা।

আগামী ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পর থেকেই তাঁর আগমন নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা ও আপত্তি দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় বৈঠক করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা।

বৈঠকে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী মুফতি আমির হামজাকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে বলেন, তিনি ধর্মের অপব্যাখ্যা করেন। জাতীয় মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধেও বিষোদগার করেছেন তিনি।

জাকির হোসাইন বলেন, তাঁরা মাহফিল আয়োজনের বিরোধী নন। তবে বিতর্কিত কোনো বক্তাকে তাঁরা মেনে নেবেন না। আমির হামজার বক্তব্যে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহŸান জানান তিনি।

হেফাজতে ইসলাম নেতা হাফেজ কবির হোসাইন বলেন, মাহফিলের পোস্টারে অতিথি হিসেবে কয়েকজনের নাম ব্যবহার করা হলেও তাঁদের সবার অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া এভাবে নাম ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম বলেন, মুফতি আমির হামজা চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ কারণে তাঁকে বন্দরে আসতে দেওয়া হবে না।

অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে মাওলানা আবু আবদুল্লাহ বলেন, পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান ঘিরে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা বিরোধিতা করছেন, তাঁরা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, মাহফিল আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে আয়োজক ও বিরোধিতাকারী পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে মাহফিলের আয়োজন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।