News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জামতলা থেকে হাজী রিপনপুত্র রাফি গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:২৬ পিএম জামতলা থেকে হাজী রিপনপুত্র রাফি গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের জামতলা অভিযান চালিয়ে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টায় জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাফির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার রাফি আলোচিত পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে। হাজী রিপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবহন খাতের চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' অভিযানে হাজী রিপন ও তার ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। রাফির বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ৭ থেকে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম (পিপিএম)।

অভিযোগ রয়েছে, পরিবহন খাতের ট্রাক থেকে চাঁদা আদায়, মাদক ব্যবসা এবং শহরের দক্ষিণাঞ্চলের গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন হাজী রিপন। তার নেতৃত্বে সহযোগীরা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতেন বলেও অভিযোগ রয়েছে। একসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসা থেকে ২২০ পিস ইয়াবাসহ হাজী রিপন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন অনেকটা আড়ালে থাকলেও আবারও বিভিন্ন অভিযোগে আলোচনায় আসেন তিনি।

২০২১ সালের ২৩ মার্চ ফতুল্লা থানাধীন জেলা কারাগারের বিপরীত পাশে একটি জমিতে নির্মিত দোকানপাটে ভাঙচুরের অভিযোগ ওঠে হাজী রিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক সংবাদচর্চার ফটোসাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম। তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন সাংবাদিক প্রীতম।

এ ছাড়া হাজী রিপনের ছেলে সালেহ রহমান সীমান্তের নামও বিভিন্ন বিতর্কিত ঘটনায় আলোচনায় এসেছে। ২০১৩ সালে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

অন্যদিকে, হাজী রিপনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের তৎকালীন পৌর মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতার জেরে তাকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।