News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

চলে গেলেন দগ্ধ পরিবারের তিন সদস্য, আশঙ্কাজনক শিশু কন্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:২০ পিএম চলে গেলেন দগ্ধ পরিবারের তিন সদস্য, আশঙ্কাজনক শিশু কন্যা

স্টাফ রিপোর্টার : বন্দরে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাবা, মা ও কলেজপড়ুয়া ছেলের মৃত্যু হয়েছে। সোমবার ১৫ জুন তাদের কুমিল্লার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতরা হলেন, আব্দুল মান্নান মিয়া (৫০), তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক সুলতানা বেগম (৩৮) এবং তাদের একমাত্র কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯)।

এদিকে পরিবারের শিশু কন্যা মিম (১১) এবং পার্শ্ববর্তী কক্ষের শিশু হযরত আলীর অবস্থাও আশঙ্কাজনক। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে আব্দুল মান্নান মিয়া, তার স্ত্রী সুলতানা বেগম এবং ছেলে সিয়ামের মৃত্যু হয়। পরে সোমবার তাদের নিজ গ্রামের বাড়ি কুমিল্লায় দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁনপুর এলাকায় বাড়ির মালিক আক্তার হোসেন অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছিলেন। ওই বাড়ির একটি ইউনিটে ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন আব্দুল মান্নান মিয়া।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সুলতানা বেগম রান্নাঘরের দরজা-জানালা না খুলেই চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন।