News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ভিক্টোরিয়ায় এসে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৯:২৫ পিএম ভিক্টোরিয়ায় এসে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করে পরিস্কার পরিচ্ছন্নতার কথা বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার দিকে মনযোগ দিবেন। আজকে হাসপাতাল দেখলাম।

রোববার ১৪ জুন দুপুরে নারায়ণগঞ্জ সহ ১০ টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী আসার কথা থাকলেও সকাল ৯টায় তিনি চলে আসেন। সেই সাথে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের নাম ধরে ডাকতে শুরু করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। আর এ সময় তিনি হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ও সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতের বক্তব্য রাখার সময়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সিভিল সার্জন মনে কিছু নিবেন না। একটা হাসপাতালে সচিব আসবে মন্ত্রী আসবে ডিজি আসবে আমরা দেখলাম হাসপাহালের অবস্থা। বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি। অন্তত আমার ভয়ে হলেও পরিস্কার পরিচ্ছন্নতা রেখেছে। আপনি সেটা করেননি। আপনাকে পরশুদিন পর্যন্ত সময় দিয়ে গেলাম।

তিনি আরও বলেন, আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে। সকল কালো পাতিল ভেঙ্গে ভাঙ্গারির কাছে বিক্রি করতে হবে জেলা প্রশাসকের প্রতিনিধির সামনে। এসকল জিনিস আপনার বাসায় রাখবেন? তিনমাস ধৈর্য করেছি অতীত ভুলে গিয়ে দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ১৬ ঘণ্টা কাজ করেন আমাদের সাথে অফিসে। বাসায় গিয়ে কাজ করেন। আমাদের উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে পারতে হবে। সকলে মিলে নারায়ণগঞ্জ সিটিকে আগের নারায়ণগঞ্জে ফিরিয়ে নিতে হবে।