News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অপরাজনীতি মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ সবাইকে নিয়ে গড়তে চাই : আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:২৯ পিএম অপরাজনীতি মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ সবাইকে নিয়ে গড়তে চাই : আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এজ একই অনুষ্ঠানে সরকারি-বিরোধী দল তথা বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। এই পরিবর্তন আমাদের গণঅভ্যুত্থানের, শহীদ-আহত ভাইদের আত্মত্যাগের অর্জন। আমরা দেখেছি, কিভাবে রাজনৈতিক দমন-পীড়ন, সরকারি দলের নামে বিরোধী মতের দমন করা হয়েছে। দীর্ঘ প্রতিরোধের পর আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এটা শুধু ইফতার আয়োজন না, এটা আমাদের এক বছর পূর্তি। জনগণের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশে আমরা কতটুকু করতে পারলাম সেই আত্মসমালোচনারও প্রোগ্রাম হিসেবে আমরা নিয়েছি। নতুন বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজের নিজ নিজ জায়গা থেকে প্রতিশ্রুতি, আশাবাদ ব্যক্ত করছি। শুধু প্রতিশ্রুতিতে আমরা আটকে থাকবো না। ঐক্যবদ্ধভাবে একটা পজিটিভ, সুন্দর, সমৃদ্ধ নারায়ণগঞ্জ তৈরিতে আমরা একসাথে কাজ করব।

আল আমিন বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য, মতের ভিন্নতা থাকবে। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়ন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুতা এবং পেশিশক্তির রাজনীতিমুক্ত একটা সুন্দর নারায়ণগঞ্জ করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”

বিশ্ববাসীর জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, “সারাবিশ্বে এখন নির্যাতন বা সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে। মজলুম জনগণের উপর নিপীড়ন চলছে। এই নিপীড়ন থেকে মজলুমরা যাতে মুক্তি পেতে পারে। জালিম সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি যাতে পরাজিত হয়, তাদের মানসিকতা, ষড়যন্ত্র যাতে ভুলুণ্ঠিত হয়—এই আশাবাদ আমরা ব্যক্ত করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, কবি আরিফ বুলবুল, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, গণঅধিকার পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক রুহুল আফনান, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।