News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়লেন এমপি আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:০৭ পিএম ইতিহাস গড়লেন এমপি আজাদ

২২ নভেম্বর দিনটি আড়াইহাজারবাসীর জন্য ছিল এক ঐতিহাসিক দিন। এদিন সরকারি সফর আলী কলেজের নবীনবরণ উৎসব ঘিরে পুরো আড়াইহাজার জুড়ে বিরাজ করে সাজ সাজ রব। তবে নবীনবরণের আনুষ্ঠানিকতার চেয়েও মানুষের মূল আকর্ষণ ছিল বিশাল এই কনসার্টকে ঘিরে।

স্থানীয়দের মতে, গত কয়েক দশকে এত বড় আয়োজন দেখেনি আড়াইহাজার। আর তাই জনতার এই স্রোত কেবল আড়াইহাজার উপজেলাতেই সীমাবদ্ধ থাকেনি; এর গণ্ডি ছাড়িয়ে দর্শক ছুটে আসেন আশপাশের উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকেও। দুপুর গড়াতেই লাখো মানুষের পদচারণায় উৎসবের প্রাণকেন্দ্রে পরিণত হয় পুরো কলেজ প্রাঙ্গণ।

জনতার এই বাঁধভাঙা স্রোত আর সফল আয়োজনের নেপথ্যে থেকে আড়াইহাজারে এক নতুন ইতিহাস গড়লেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। মূলত তাঁর দূরদর্শী উদ্যোগ এবং ছোট ভাই শিল্পপতি রাকিবুল ইসলামের সার্বক্ষণিক তদারকিতেই সম্ভব হয়েছে এমন নিখুঁত আয়োজন। আড়াইহাজারের ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

সন্ধ্যা নামতেই সুরের জাদু ছড়াতে একে একে মঞ্চে ওঠেন দেশসেরা সব সংগীতশিল্পী। আর্কের হাসান, পপ গায়িকা জেফারসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে পুরো আসর।

তবে রাতের আসল উত্তাপ ছড়ালেন নগরবাউল জেমস। ঘড়ির কাঁটা মধ্যরাত ১২টা পেরোতেই মঞ্চে আসেন গুরু। শীতের হিমেল হাওয়াকে কাবু করে মুহূর্তেই উন্মাদনায় ফেটে পড়ে লাখো মানুষ। ‘কবিতা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ আর ‘দুষ্টু ছেলের দল’ গানে গানে পুরো আড়াইহাজারকে মাতিয়ে তোলেন তিনি। জেমসের সাথে গলা মেলায় উপস্থিত জনতা।

রক গানের উন্মাদনার মাঝেই জেমস যখন গাইলেন ‘বাবা’ আর ‘মা’-কে নিয়ে কালজয়ী দুটি গান, তখন পিনপতন নীরবতা নেমে আসে পুরো মাঠে। কারও চোখে জল, আবার কেউ নীরবে উপভোগ করেন প্রিয় শিল্পীর পরিবেশনা।

নজরুল ইসলাম আজাদ ও রাকিবুল ইসলামের সফল ব্যবস্থাপনায় এবং জেমসের জাদুকরী সুরে আড়াইহাজারবাসী পেল এক অবিস্মরণীয় রাত। যা দীর্ঘদিন গেঁথে থাকবে মানুষের স্মৃতিতে।