News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি দিপু ভূঁইয়ার প্রচেষ্টায় রূপগঞ্জে দুটি সেতুর অনুমোদন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৬:০৬ পিএম এমপি দিপু ভূঁইয়ার প্রচেষ্টায় রূপগঞ্জে দুটি সেতুর অনুমোদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি সেতু পুনর্নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি সেতুর কাজ আটকে ছিল ২৩ বছর ধরে। অপর সেতুর সংস্কার হয়নি বিএনপির আমলে নির্মাণের কারণে।

এ দুটি সেতুর জন্য গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিলেন সেখানকার এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। জাতীয় সংসদেও তিনি এসব সেতুর ব্যাপারে কথা বলেন। ২৪ নভেম্বর সেতু দুটি অনুমোদনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস।

রূপগঞ্জ উপজেলাধীন বালু নদের ওপর ৭০০ মিটার চনপাড়া-ডেমরা সেতু ও অপরটি হলো উপজেলাধীন বালুরপাড়-ইটাখোলা সড়কে ১৫৭০ মিটার চেইনেজে বালু নদের ওপর ২০০ মিটার সেতু।

বালু নদের ওপর নির্মিত চনপাড়া-ডেমরা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডি সেতুর উভয় পাশে সেতুটি ঝুঁকিপূর্ণ বলে সাইনবোর্ড দিয়েছে। তারপরেও ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করে।

রাজধানী ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগের সুবিধার্থে বালু নদের ওপর ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়ায় ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। স্থানীয়দের মতে, সেতুটি বিএনপি সরকার নির্মাণ করেছিল, তাই গত ১৬ বছর এটাকে কেউ মেরামত কিংবা সংস্কার করেনি।

অপর সেতুটি বালু নদের ওপর ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় অবস্থিত। বালু নদের বুকের ওপর জং ধরা রড আর অসম্পূর্ণ পিলার নিয়ে দাঁড়িয়ে আছে সেতুটি। দীর্ঘ ২৩ বছরেও এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়নি। রাজধানীর সঙ্গে এই সংযোগ সেতু না হওয়ায় লাখো মানুষকে পোহাতে হচ্ছে অন্তহীন দুর্ভোগ, পাড়ি দিতে হচ্ছে ১২-১৩ কিলোমিটার বাড়তি পথ।

বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি জানিয়েছিলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীকালে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে আছে। পরে দিপু ভূঁইয়া মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেন।