নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা স¤প্রসারণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগ শুরু হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় তিন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে সংশয় দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে ইউপি নির্বাচন হবে, নাকি তার আগেই সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত আসবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর তিন ইউনিয়নকে নাসিকের অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে প্রস্তাবের কিছু অংশে সংশোধনের প্রয়োজন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের সীমানায় যুক্ত করার বিষয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে স্থানীয় বাসিন্দাদের আপত্তি ও মতামত জানানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সব মৌজা ও দাগের অন্তর্ভুক্ত সম্পূর্ণ এলাকা নাসিকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। কোনো বাসিন্দার আপত্তি বা পরামর্শ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানোর সুযোগ রয়েছে। পাশাপাশি উত্থাপিত আপত্তির বিষয়ে শুনানির ব্যবস্থাও রাখা হয়েছে।
এর আগে সীমানা সম্প্রসারণের প্রস্তাবে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না থাকায় আপত্তি জানিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। আগের প্রস্তাবে ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা যুক্ত করার কথা ছিল। অন্যদিকে এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরো অংশ এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগের পর্যবেক্ষণে বলা হয়, এতে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরে প্রয়োজনীয় সংশোধন করে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী এবার দুই ইউনিয়নের সম্পূর্ণ এলাকা অন্তর্ভুক্তির বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তবে নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের কথা উল্লেখ থাকলেও প্রাথমিক আলোচনায় তিনটি ইউনিয়নকে নাসিকের আওতায় আনার বিষয়টি উঠে এসেছিল। ফলে কুতুবপুর ইউনিয়নের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। তিন ইউনিয়নকে ঘিরে শুরু হওয়া এই উদ্যোগ শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, সদর উপজেলায় দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানায়নি নির্বাচন কমিশন। ফলে সীমানা স¤প্রসারণের সিদ্ধান্তের আগেই ইউপি নির্বাচন হয়ে গেলে নতুন করে প্রশাসনিক ও নির্বাচনী জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির সময়ের নারায়ণগঞ্জকে বলেন, এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে গণশুনানি অনুষ্ঠিত হবে। শুনানির ফলাফল ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তিন ইউনিয়ন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত স্থানীয় সরকার বিভাগই নেবে। জেলা প্রশাসনের দায়িত্ব হলো বাস্তব পরিস্থিতি ও গণশুনানির ফলাফল মন্ত্রণালয়কে জানানো।
২০১১ সালে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদরের আংশিক এলাকা এবং বন্দর উপজেলার কদমরসূল অঞ্চল নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বর্তমানে এর ওয়ার্ড সংখ্যা ২৭। নতুন এলাকা যুক্ত হলে সিটি করপোরেশনের আয়তন ও ওয়ার্ড সংখ্যা বাড়ানোর বিষয়টিও সামনে আসবে।
ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগরের অনেক এলাকা ইতিমধ্যে শহরকেন্দ্রিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে। শিল্পকারখানা, আবাসিক ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এসব এলাকায় সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতার সমস্যা বাড়ছে। সিটি করপোরেশনের আওতায় এলে নাগরিক সেবার মান বাড়বে এমন প্রত্যাশা রয়েছে অনেকের। তবে বাড়তি করের চাপ এবং সেবার নিশ্চয়তা নিয়েও বাসিন্দাদের মধ্যে প্রশ্ন রয়েছে।
সব মিলিয়ে সীমানা সম্প্রসারণের উদ্যোগ, গণশুনানি এবং ইউপি নির্বাচনের ঘোষিত সময়সূচি সবকিছু মিলিয়ে তিন ইউনিয়নের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। প্রশাসনিক সিদ্ধান্ত কোন দিকে যায়, তার ওপর নির্ভর করছে এসব এলাকার মানুষের জনপ্রতিনিধিত্ব ও স্থানীয় সরকার কাঠামোর ভবিষ্যৎ। আপাতত চূঢ়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই তিন ইউনিয়নের বাসিন্দারা।






















(44)-20261120153333.jpg)





(31)-20261116072622.jpg)





(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :