News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে বহিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৮:১৮ পিএম ফতুল্লায় কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে বহিস্কার

জাতীয়তাবাদী কৃষকদল ফতুল্লা থানা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ১৮ নভেম্বর এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার সাথে দলীয় নেতাকর্মীদের কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামে এক যুবক।

প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে কৃষক দল নেতা জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষের জের ধরে রাতের এ হামলার ঘটনা ঘটে।