শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। কিন্তু এক রাতের উত্তাপ যেন শীতল আবহাওয়াকেও হার মানাল। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ১২টা ছুঁইছুঁই। হাজারো তরুণ আর নানা বয়সী দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এলেন নগরবাউল জেমস। মুহূর্তেই উন্মাদনায় ফেটে পড়ল পুরো আয়োজনস্থল।
সময় নষ্ট করেননি গুরু। শুরুতেই ধরলেন চিরচেনা সেই সুর—‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’। জেমসের সাথে গলা মেলালেন উপস্থিত হাজারো মানুষ। শুরু হলো সুরের এক মহোৎসব।
২২ নভেম্বর দিনটি আড়াইহাজারবাসীর জন্য ছিল এক অন্যরকম দিন। এদিন সরকারি সফর আলী কলেজের নবীনবরণ উৎসবে সুরের জাদু ছড়াতে হাজির হন জেমস। দুপুর থেকেই কলেজ প্রাঙ্গণে শুরু হয় মানুষের স্রোত, যা গিয়ে ঠেকে মধ্যরাত অবধি। পুরো এই বিশাল আয়োজনের মধ্যমণি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। আর অনুষ্ঠানটির সার্বিক তদারকিতে ছিলেন তাঁর ছোট ভাই শিল্পপতি রাকিবুল ইসলাম। তাঁদের উদ্যোগেই প্রিয় শিল্পীকে সরাসরি দেখার সুযোগ পেলেন আড়াইহাজারবাসী।
‘কবিতা’র পর একে একে জেমস গেয়ে শোনান আধ্যাত্মিক গান ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ এবং ‘আসবার কালে আসব একা’। গানের তালে তালে যখন তারুণ্য মাতোয়ারা, ঠিক তখনই গুরু ধরেন ‘দুষ্টু ছেলের দল’। মুহূর্তেই পুরো মাঠে তৈরি হয় এক বাঁধভাঙা আবহ।
তবে উন্মাদনার এই রাতে ভিন্ন এক চিত্রও দেখা গেল। জেমস যখন গাইলেন ‘বাবা’ আর ‘মা’-কে নিয়ে তাঁর কালজয়ী দুটি গান, তখন মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে আসে পুরো প্রাঙ্গণে। কেউ নীরবে শুনলেন, আবার কারও চোখ ভিজে উঠল আবেগে।
উচ্ছ্বাস, উন্মাদনা আর আবেগের এক অনন্য রাত উপহার দিয়ে বিদায় নেন নগরবাউল। তবে আড়াইহাজারের মানুষের স্মৃতিতে এই রাতটি অমলিন হয়ে থাকবে দীর্ঘদিন।





(45)-20261123020903.jpg)















(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :