News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

এনসিপির দুই নেতার উপর হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৩৬ পিএম এনসিপির দুই নেতার উপর হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। 

হামলার শিকাররা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং 

নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক।

বুধবার (১১ মার্চ) রাত ১১ টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডে হামলা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার সাগর মল্লিক (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন রবিন ওরফে বাংলা রবিন (২৮),জন্টু (২৯),ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০), আমির হোসেন (২৯)। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার দুই এনসিপি নেতা কামাল মিয়া নামক এক দোকানির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা একে অন্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতায় অভিযুক্ত হামলাকারীরা এনসিপি নেতাদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালান।

এ বিষয়ে হামলার শিকার সাগর মল্লিক বলেন, আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এসময় হামলাকারীরা আমাদের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন এবং তারা আমাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলো। একপর্যায়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আহত করে। মূলত এরা স্বৈরাচার আমলে লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তবে ৫ আগস্টের পর বর্তমান সরকারের নাম বিক্রি করে যাচ্ছে। অথচ তারা বর্তমান সরকারের কোনো নেতাকর্মী না।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, বালু মহল নিয়ে বিএনপি দলীয় দুপক্ষের সংঘর্ষের বিষয়ে আমাদের আলাপচারিতার সময়ে অতর্কিতভাবে হামলা করে বসে। মূলত হামলাকারীরা সরকার দলীয় কোনো পদধারী না তারা হচ্ছে সুবিধাভোগী। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।