News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ফতুল্লার মাদক স্পটের তালিকা প্রকাশ করলেন এমপি আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:০৫ পিএম ফতুল্লার মাদক স্পটের তালিকা প্রকাশ করলেন এমপি আল আমিন

নারায়ণগঞ্জে ছিনতাই ও নিজ নির্বাচনী এলাকায় সড়ক সংস্কারের জন্য দ্রুত তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন। এসময় তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সাথে হকার ও মাদক সমস্যা সমাধানে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে এমপি আল আমিন বলেন, ‘আমি স্পেসিফিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ফতুল্লার ধলেশ্বরী নদীতে প্রতিনিয়ত মাটি কাঁটা হচ্ছে অবৈধভাবে। নদীর উভয় পাশে প্রচুর অবৈধ ইটভাটা আছে যেখানে এই মাটি সরবরাহ করা হয়। এই বিষয়ে প্রশাসনের জোড়ালো অভিযান প্রয়োজন। মাদকের সমস্যা আছে প্রচুর। আমি রিকোয়েস্ট করবো পুলিশ, র‍্যাব, বিজিবি নিয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা যায় কিনা এই মাদকের বিরুদ্ধে।

ফতুল্লা অঞ্চলটা মাদকে জর্জরিত। স্পেসিফিক কয়েকটা স্থানের মধ্যে রয়েছে লালপুর, তল্লা, কাশিপুরের নরসিংহপুর, কুতুবপুরের রসূলপুর, মুন্সিবাগ, রামারবাগ, তারা স্পিনিং মিল। লাকিবাজার এলাকায় তিনদিন আগে মাদক নিয়ে ছুরিকাঘাত করেছে, গতকাল সে মারা গেছে। এই পুরো অঞ্চলটাই মাদক ব্যবসা, কিশোর গ্যাং দ্বারা জর্জরিত। ভুক্তভোগী হচ্ছে এই অঞ্চলের শ্রমিকরা। বিশেষ করে নারী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। তারা সারামাস পরিশ্রম করে যেই টাকা বেতন পায় তাদের সেই টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। মাদকসেবী, কিশোরগ্যাং দ্বারা হয়রানির শিকার হয়। অর্থ্যাৎ নিরাপত্তাহীনতায় ভুগে এখানকার মানুষ। এখানে স্পেশাল অভিযান প্রয়োজন।

তিনি এলজিইডি ও ডিপিডিসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের জালকুড়ি থেকে পাকাপুল পর্যন্ত রাস্তাটা ডিপিডিসির একটা কাজে রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। ছয়মাস আগে রাস্তা ঠিক করার পর ফের কেটে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে। এখন মানুষের কষ্ট হচ্ছে চলাচলে। এলজিইডি বলে ডিপিডিসির দায়িত্ব। এভাবে প্রশাসনের দপ্তরে দপ্তরে ঘোরার বদলে আমরা চাই কাজটা হোক। এই রাস্তার কারনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। মানুষের ভোগান্তি হচ্ছে প্রতিনিয়ত।

তিনি গ্যাসের সংকটের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ নেই। গৃহিণীরা রান্না করতে পারেননা গ্যাস সংকটের কারনে। দিনের বেলা গ্যাস থাকেই না। রাত জেগে রান্না করতে হয় তাদের। এই সমস্যার সমাধান করার জন্য তিতাসের দৃষ্টি আকর্ষণ করছি।

ফতুল্লার বিভিন্ন বাজারের সামনে হকার সমস্যার কথা তুলে ধরে বলেন, বাজারগুলোর সামনে হকাররা বসে পুরো রাস্তা যানজট করে রাখে। হকার নারায়ণগঞ্জের অনেক বড় সমস্যা। এই সমস্যা সমাধানে আমাদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা থাকবে।

মামলায় হয়রানির কথা তুলে ধরে বলেন, ‘র‍্যাবের সিও বলেছেন অপরাধগুলো ঘটার পর মামলা হয়না। সাধারণত একজন শ্রমজীবী নারী মামলা করতে গিয়ে বাঁধার সম্মুখীন হলে সেটা নিয়ে সে এগোতে চায় না। মামলা করার বিষয়ে নানান হয়রানির ব্যাপার আছে। ফতুল্লা থানাতেই বিভিন্ন হয়রানি ও দালালদের দৌরাত্বের অভিযোগ পেয়েছি।

তিনি সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমরা ৫ আগস্টের পরেই দেখেছি চেম্বার, বিকেএমইএ’র তত্বাবধায়নে শুরু থেকেই শহরের যানজট নিরসনে কাজ করছে এবং প্রশাসনকে সহযোগীতা করছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। আমরা ৫ আগস্টের পর যেভাবে একসাথে কাজ করেছি, এখনও নির্বাচনের পরে আমরা একসাথে একটেবিলে বসে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা এটা অব্যাহত রাখবো।