News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

পুলিশের অস্ত্র ছিনতাই, একজন আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:০১ পিএম পুলিশের অস্ত্র ছিনতাই, একজন আটক

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান প্যাট্রোল ডিউটিতে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। সোমবার ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মন্ডলপাড়া নগর ভবনের সামনে গেলে একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁর কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইকারীদের একজনের পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জিনস প্যান্ট ও কালো শার্ট। এ সময় আশপাশে একজন পথচারীকেও দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো. হাসিনুজ্জামান জানান, ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মিশাল নামে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে । বাকী ২ জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

বিকেলে বন্দরের সোনাকান্দা এলাকা এলাকায় ছিনতাইয়ের সময়ে তাকে আটক করে জনতা। পরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মিশাল শহরের দেওভোগ পানির টাংকি এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।