News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৬, ০২:০৩ পিএম বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বুধবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওসমান গনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।