ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ীর পেছনে তারই পার্টনার বাবুকে দোষারোপ করেছেন স্ত্রী। বৃহস্পতিবার দুপুর একটায় মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে হাসপাতালে এসে তিনি ওই অভিযোগ করেন।
এদিকে ঘটনার পর দুই যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই চিত্র। ধারণা করা হচ্ছে ওই দুইজন হত্যায় জড়িত।
ঘটনার পর পুলিশ পাশ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।
নিহত নাছির ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটায় হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।




































আপনার মতামত লিখুন :