News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় আসামী ১০, গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় আসামী ১০, গ্রেপ্তার ৪

ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী নাছির (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

নিহত নাছির ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

মামলায় উল্লেখ করা হয়, ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আসামি আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে তিনি নিহত নাছিরকে ব্যবসার কোনো হিসাব দিচ্ছিলেন না। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে সাত্তার বাবু নিহত নাছিরের ক্যাবল নেটওয়ার্ক ব্যবসাটি এককভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া মামলায় বলা হয়, আসামি শরিফ, রুমি সহ অন্যান্য কয়েকজন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহত নাছিরের কারণে তারা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতে পারছিল না। কয়েক মাস আগে ডিশ ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আব্দুস সাত্তার বাবুর সঙ্গে নিহত নাছিরের বাকবিতণ্ডা হয়। তখন সাত্তার বাবু ও তার ছেলে আবির নাছিরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডিশ ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় মাদক ব্যবসা পরিচালনায় বাধার জেরে সাত্তার বাবু, শরিফসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে একত্রিত হয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে বলে অভিযোগে বলা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ইতোমধ্যে এজাহারনামীয় সজিব,শান্ত,আরিফ ও নাঈম সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।