News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপির সেক্রেটারীকে ঘুষি দেওয়ার অভিযোগ টিপুর বিরুদ্ধে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩৭ পিএম বিএনপির সেক্রেটারীকে ঘুষি দেওয়ার অভিযোগ টিপুর বিরুদ্ধে

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এসব বিতর্কিত কর্মকান্ডের জন্ম দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের সামনেই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে তর্কে জড়িয়েছেন। অন্যদিকে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঘুষি দিয়ে রক্তাক্ত করার মত ঘটনা ঘটিয়েছেন। যদিও তিনি বিএনপির ওই নেতাকে ঘুষি মেরে রক্তাক্ত করার বিষয়টি স্রেফ কুচক্রী মহলের অপপ্রচার বলে দাবি করেছেন। তবে বিষয়টি যে শাক দিয়ে মাছ ঢাকার মত তা ইতোমধ্যে সকলেই অবগত হয়েছেন।

তবে মহানগর বিএনপির আহ্বায়ক আবু আল ইউসুফ খান টিপু কর্তৃক আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করার ঘটনার শক্ত প্রমাণ নিউজ নারায়ণগঞ্জের কাছে রয়েছে। গত ৩০ মে আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়ার অনুষ্ঠান শেষে টিপু এমন কান্ড ঘটিয়েছেন।

ভুক্তভোগী আনোয়ার হোসেন সময়ের নারায়ণগঞ্জের প্রতিবেদকের কাছে ঘুষি মারার বিষয়টি স্বীকার করেছেন এবং এ ব্যাপারে কথা না বলতে উপর মহল থেকে তাকে চাপ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।

ওই আলাপচারিতায় আনোয়ার হোসেন প্রথমে উপরের নির্দেশে চুপ থাকার কথা বললের পরবর্তীতে তিনি বলেন, আজকে আলীরটেকে আগুন লেগে যাইতো। আজকে একটা রেকর্ড হয়ে যেতো। শুধু মাত্র নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম এবং সাখাওয়াত ভাইয়ের সম্মানে এলাকার পোলাপাইনকে থামিয়ে রেখেছি।

তিনি অভিযোগ করে বলেন, দোয়ার অনুষ্ঠানে আগে এসেছেন এমপি আবুল কালাম এবং সাখাওয়াত হোসেন। টিপু আসছেন পরে। সবাই একসাথে আসবেন এটাই হওয়ার কথা। আসার কথা ১টায় উনারা চলে এসেছেন ১২টায় আসার আগে আমাকে জানায়নি। উনি ১২টা বাজে এসে কুদাকুদি করলে তো হবেনা।

এসেই তিনি আমাকে গালাগালি করেছেন, ঘুষি মেরেছেন। সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সব দেখেছেন। তারা খুব আফসোস করেছেন। আমি কারো টাকায় বিএনপির রাজনীতি করি নাই। আমার ছেলে বিদেশে থাকে। গত ১৭ বছর আমি খেয়ে না খেয়ে বিএনপি দলটা করেছি। কারো কাছ থেকে ১টাকা নিয়ে রাজনীতি করছি এমন কেউ বলতে পারবে না। ১৭ বছর পরে এসে হের মত টিপুর হাতে ঘুষি খেতে হবে। আমি কালাম, সাখাওয়াত, বা টিপু কারো রাজনীতি করি নাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি করেছি। এই টিপুর কথায় আওয়ামী লীগের গুতা খেয়ে এস.এম আকরামের নির্বাচন করছি। আজকে টিপু আমাকে ঘুষি মারে। আমি সময় মত সাংবাদিক সম্মেলন করে সব কিছু জানাবো। কে বিএনপি, কে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। কে কি সেগুলো আমি সময় মত সাংবাদিক সম্মেলন করে জানাবো। আজকে বিষয়টি আমি সাখাওয়াত সাহেব কে জানিয়েছি। উত্তেজিত সবাইকে শান্ত করে রেখেছি এজন্য সাখাওয়াত সাহেব আমাকে ধন্যবাদ জানিয়েছেন।