নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে চীন সরকারের মালিকানাধীন চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
১ জুন ওই সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পানি পরিশোধন প্লান্ট নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রতিনিধিদল শীতলক্ষ্যা নদীতে প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন এমপি আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ নগরী ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে চায়নার প্রতিনিধিদল নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





























আপনার মতামত লিখুন :