News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাষাঢ়া আজমেরী ওসমানদের মিছিল, আসামী ৫৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৮:০৮ পিএম চাষাঢ়া আজমেরী ওসমানদের মিছিল, আসামী ৫৪

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানার এসআই মো. ফিরোজ আল মামুন বাদী এই মামলা দায়ের করেছেন।

মামলায় সাফায়েত আলম সানী, জামির হোসেন রনি ও মো. কায়কোবাদ রুবেল সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামী করা হয়েছে।

মামলার আসামীর তালিকায় থাকা অন্যরা হলেন মনির হোসেন (৪৮), বজলু (৪৫), মো আফজাল মিস্ত্রী (৪৮), পীর মোহাদ্দম শাওন (৩৭), অভি (২৮), মো. আমির হোসেন সনেট (৩৬), আরিফ পাঠান রকি (২৮), জাহাঙ্গীর আলম জুয়েল (৪০), পাগল হামিদ (৫২), জাবেদ (২৫), নাঈম প্রকাশ (৩২), ইমরান, আরিফুল হক ফাহিম (৪০), মো মোতাহার হোসেন (৫০), মো. জালাল উদ্দিন (৪০), সাফায়েত আলম সানী (৪০), জামির হোসেন রনি (৪০), মো. কায়কোবাদ রুবেল (৪২), আলী হায়দার সাগর (৪৭), মো. রিফাত (২৮), মো. সাহাদাত হোসেন (৩২), মেহেদী দর্জি (৩৪), খোরশেদ আলম অপু (৩৬), মো. সোহেল সরকার (৩৫) সহ অজ্ঞাত ৩০ জন। 

এর আগে গত ২১ মে যুবলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই সাথে পরে খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ মে মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী সকলেই ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক।

এদিন মিছিলে অংশ নেওয়ার সকলের মুখে ছিলো লাল কাপড়। মহানগর যুবলীগের নামের একটি ফেসবুক আইডি থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করে লেখা সম্বলিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ছবি দেওয়া ব্যানারটি নিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি মুখে লাল ও সাদা কাপড় বেধে হাতে ছোট ছোট বেশকয়েকটি বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে করতে শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের দিকে ঢুকতে দেখা গেছে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ফিরে আসার স্লোগান দেন।