News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লায় হোসিয়ারী মালিক খুন, আটক ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৮:০৯ পিএম ফতুল্লায় হোসিয়ারী মালিক খুন, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারি কারখানার মালিককে হত্যার অভিযোগে সাবেক সহ নারী কর্মী সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো কারখানাটির চাকরিচ্যুত নারী শ্রমিক মিম (২০) ও কারখানাটির শ্রমিক রানা (২১)।

নিহতের নাম হারুন খালাসী (৪২)। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। 

২৬ মে সন্ধ্যা ৭টায় ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সায়েম আল আরাফাতের বাড়ির নিচতলায় অবস্থিত ‘হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টস’ নামের হোসিয়ারি কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশের একটি সূত্র জানায়, ৫০ হাজার টাকা চুরির দায়ে মিম কে চাকরিচ্যুত করা হয়েছিলো। সেই ক্ষোভের পাশাপাশি বেতনের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হত্যার ঘটনা ঘটায়। হত্যাকারীরা প্রথমে কৌশলে ১০টি ঘুমের টেবলেট সেবন করায়। এতে করে সে নিস্তেজ হয়ে পরলে মৃত্যু নিশ্চিত করতে কাপড়ের রশি গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহতের ছোট ভাই সেলিম খালাসী অভিযোগ করে বলেন, তার ভাইকে  গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারখানার সাবেক নারী কর্মী মীম ও তার সহযোগীরা জড়িত থাকতে পারে। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দিতে প্রথমে লাশ একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়, পরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক জানান, ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। সে অনুযায়ী প্রায় ২০ জন শ্রমিক সারাদিন কাজ শেষে কারখানায় অপেক্ষা করছিলেন। 

নির্ধারিত সময়ের কিছু পর হারুন খালাসী এসে শ্রমিকদের অপেক্ষা করতে বলে নিজের অফিস কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা তার পরিবারকে খবর দেই। তারা পুলিশের সহায়তায় দরজা ভেঙে চেয়ারে হেলানো হারুনের নিথর দেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মিম নামে কারখানার সাবেক এক নারী শ্রমিককে বুধবার রাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার সন্ধ্যায় রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যা কান্ডের কথা স্বীকার করে।