News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর যুবদলের নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:৪৬ পিএম মহানগর যুবদলের নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খুলে অপতথ্য ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশক্রমে আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) অ্যাডভোকেট মো. শাহীন খান এ অভিযোগ দায়ের করেন।

‎লিখিত অভিযোগে অ্যাডভোকেট মো. শাহীন খান উল্লেখ করেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্সসহ কোনো মাধ্যমেই কোনো অফিসিয়াল আইডি, পেজ বা গ্রুপ নেই। তবে দীর্ঘদিন ধরে ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদল’, ‘যুবদল নারায়ণগঞ্জ মহানগর’সহ বিভিন্ন নামে ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

‎অভিযোগে বলা হয়, এসব আইডি, পেজ ও গ্রুপের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সম্প্রতি এসব ভুয়া আইডি, পেজ ও গ্রুপ থেকে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে যুবদল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদল’ নামের একটি গ্রুপে ‘আমিনুল ইসলাম’ নামের একটি আইডি থেকে একটি লিংকের মাধ্যমে অপতথ্য প্রকাশ করা হয়েছে। ওই আইডি বা প্রকাশিত তথ্যের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো সম্পর্ক নেই বলেও অভিযোগে স্পষ্ট করা হয়।

‎লিখিত অভিযোগে জানানো হয়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ৫১ সদস্যকে নিয়ে শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নামে পরিচালিত অন্য কোনো আইডি, পেজ বা গ্রুপের দায় সংগঠনটি বহন করবে না।

‎এ বিষয়ে ভুয়া আইডি, পেজ ও গ্রুপের মাধ্যমে অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।