News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের পর নারায়ণগঞ্জে সতর্কতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪২ পিএম গোপালগঞ্জের পর নারায়ণগঞ্জে সতর্কতা

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ ঘটনার পর রাজধানীর পাশে নারায়ণগঞ্জে রয়েছে বিশেষ সতর্কতা। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর পাশের এ জেলা সব সময়ে আন্দোলনের সূতিকাঘার হিসেবে পরিচিত। সে হিসেবে এ জেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এদিকে আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের নতুন আটদফা কর্মসূচির অংশ হিসেবে এই লকডাউন পালনের আহŸান জানানো হয়েছে বলে জানিয়েছেন।

ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার আহবানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে জাতীয় রাজনীতির পাশাপাশি নারায়ণগঞ্জেও তৈরি হয়েছে নানা হিসাব-নিকাশ। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলার কথা বললেও নারায়ণগঞ্জে তিন দলের সাংগঠনিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সহ একাধিক নেতারা ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, ২০২৫ সালের ১২ মে থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৬ সালের এপ্রিলে সংসদে আইন পাসের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক এবং সাংগঠনিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন নেতার দেশে ফেরার প্রস্তুতির কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে এসব নেতার পরিচয়, সংখ্যা কিংবা ফেরার নির্দিষ্ট সময় এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। নারায়ণগঞ্জে বিএনপি বর্তমানে রাজপথের কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতায় দৃশ্যমান। জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলায় দলটির স্থানীয় পর্যায়ে কী ধরনের নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীও নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনসিপি সংসদীয় প্রতিনিধিত্ব পাওয়ার পর জেলা ও মহানগর পর্যায়ে নিজেদের সাংগঠনিক অবস্থান তৈরির চেষ্টা করছে। তবে নতুন দল হিসেবে তাদের সাংগঠনিক বিস্তার, মাঠপর্যায়ের কর্মীসংখ্যা এবং নেতৃত্বের সমন্বয় নিয়েও আলোচনা রয়েছে। জাতীয় পর্যায়ে বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত তিন দলের পক্ষ থেকে সমন্বিত কোনো প্রতিরোধ কর্মসূচি ঘোষণার আসেনি।

এদিকে নারায়ণগঞ্জের রাজনৈতিক বাস্তবতায় বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যও রয়েছে। স্থানীয় রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা, সাংগঠনিক বিস্তার এবং ভবিষ্যৎ নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে। ফলে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় তারা কতটা সমন্বিত ভূমিকা রাখতে পারবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

সব মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে ফিরতে চাইলে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি কী ভূমিকা নেবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কী হবে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হবে এসব বিষয়ই আগামী দিনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকতে পারে।