News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী মামলায় আসামী ফেরদাউসকে নিয়ে নানা বিতর্ক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:২৫ পিএম বৈষম্যবিরোধী মামলায় আসামী ফেরদাউসকে নিয়ে নানা বিতর্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকার পতনের পর সেই পুরোনো সম্পর্ক নিয়ে নিজ সংগঠনেই তৈরি হয়েছে অসন্তোষ। এর মধ্যে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া, জায়গা লিজ নেওয়া নিয়ে বিরোধ এবং সবশেষ মারধরের শিকার হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। একের পর এক বিতর্কে জড়ালেও এসব ঘটনায় তার পাশে ঘনিষ্ঠজনদের দৃশ্যমান অবস্থান খুব একটা দেখা যাচ্ছে না।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের জামতলা এলাকায় সংঘটিত হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় ১৪ নম্বর আসামি ফেরদাউসুর রহমান। ওই বছরের ১৪ আগস্ট এমএ কামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে আসামি করা হয়।

তবে মামলার আসামি হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় বিতর্কের কেন্দ্রে রয়েছেন ফেরদাউস। গত ১৭ নভেম্বর দুপুরে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে তাকে মারধর ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ফেরদাউসুর রহমানের অভিযোগ, ছাত্রদল কর্মী অনিক, তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন তার ওপর হামলা করেন। আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরদাউসুর রহমানের একটি গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীর উপস্থিতি দেখা গেলেও তার পরিচয় কিংবা ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সংবাদ সম্মেলন আয়োজন করেও বিষয়টি পরিষ্কার করতে পারেননি তিনি।

ফেরদাউসকে ঘিরে বিতর্কের আরেকটি বড় জায়গা তার অতীত রাজনৈতিক ঘনিষ্ঠতা। হেফাজতে ইসলামের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন মহানগর হেফাজতের সভাপতি ফেরদাউসুর রহমানের সঙ্গে শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে ওসমান পরিবারের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতেও তার অনুসারীদের অংশগ্রহণ দেখা গেছে।

২০২১ সালের ২০ মার্চ আলীরটেকের ডিক্রিরচর ঈদগাহ মাঠে ওলামা পরিষদের আয়োজনে ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান। সেখানে ফেরদাউসকে নিজের ছোট ভাই বলে সম্বোধন করেন তিনি। বিষয়টি তখন স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হেফাজতে ইসলামের অভ্যন্তরে ফেরদাউসের নেতৃত্ব ও অতীত ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতের নতুন কমিটিতে তার অনুসারীদের জায়গা হয়নি। ফলে সংগঠনটির নেতৃত্বে তার আগের প্রভাবও কমে আসে।

অন্যদিকে, বিএনপি নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির নেতাদের উপস্থিতি দেখা যায়। স¤প্রতি জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে কয়েক শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে নতুন বিরোধের সৃষ্টি হয়েছে। জমিটির বর্তমান দখলে থাকা রূপসী বাংলা নার্সারির মালিক ইমতিয়াজ ওমর সুমন জায়গা ছাড়তে রাজি না হওয়ায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে ফেরদাউসের বিরুদ্ধে। অন্যদেরও জায়গা ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে মামলা, রাজনৈতিক ঘনিষ্ঠতা, ব্যক্তিগত বিতর্ক ও সাম্প্রতিক হামলার ঘটনায় ফেরদাউসুর রহমান এখন আলোচনার কেন্দ্রে।