News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্থান হবে না : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৩৬ পিএম নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্থান হবে না : টিপু

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, পরিকল্পিতভাবে যারা নারায়ণগঞ্জকে গোপালগঞ্জ বানাতে চান, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা  নারায়ণগঞ্জে কোনো আওয়ামী লীগকে স্থান দিব না। জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে আছি। গত তিন দিন ধরে বিএনপি নেতাকর্মীরা পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল শেষে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। বাংলাদেশের সব দুর্যোগে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বাধীনতার যুদ্ধসহ সব সময় তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আমরা ৫ আগস্ট ২০২৪-এর পর এই দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও অনেক এমপিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেখেছি। এরপরও দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমরা সহানুভূতিশীল ছিলাম। কিন্তু আজ এখান থেকে বলতে চাই, কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শ্রমিক লীগের প্রতি আর কোনো সহানুভূতি দেখানো হবে না।

সাখাওয়াত আরও বলেন, আমরা শুধু আজ নয়, আগামী দিনেও যারা নাশকতার সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। দেশের বিভিন্ন স্থানে নাশকতার যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান ও প্রতিহত করেছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন।

‎‎উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া,মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।