News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ও জামায়াতকে ছাড় দিয়েও আইভী আসামী : শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৯:৩২ পিএম বিএনপি ও জামায়াতকে ছাড় দিয়েও আইভী আসামী : শামীম ওসমান

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার আমলে বিএনপির একটা নেতাকর্মীর গায়ে আঁচ পড়েনি। আমরা সবাইকে দেখে রেখেছিলাম নেত্রীর নির্দেশেই। আমরা প্রতিশোধ নেইনি। সকলে ওপেন ছিল। ওরা যারা আছে এখন, বুকে হাত দিয়ে ওরা যদি মুসলমান হয়ে থাকে কোরআনে হাত দিয়ে বলুক, আর হিন্দু হয়ে থাকলে গীতায় হাত দিয়ে বলুক আমরা টাচ পর্যন্ত করিনি তাদেরকে। কিন্তু তাদের রূপটা আমরা দেখছি।

তিনি বলেন, আমি বক্তব্যে জামায়াত-বিএনপিকে আমি কোনো সময় ছাড় দিয়ে কথা বলিনি। আইভী তো এই জায়গাটাও, এই অপরাধটাও করেনি। সে কিন্তু বিএনপি-জামায়াত নিয়েও কোনো কথা বলেনি। ও মেয়র হওয়ার পরে পরেই বলেছে যে আমি সবার মেয়র। হআমি বিএনপিরও মেয়র, জামায়াতের মেয়র, সবার মেয়র। এইটুকু অপরাধও কিন্তু সে করেনি যে বিএনপিকে আঘাত করে কথা বলেছে, জামায়াতকে আঘাত করে কথা বলেছে, এজন্য তাকে প্রতিশোধ নিতে হবে। দেখেন ওরা ঠিক জানে কাকে কী করতে হবে। ঠিকই ওকে যে নিয়েছে, নয় মাস জেল খাটিয়েছে, আর ছোট ভাইটা মারা গেছে তখন তার কয়েক দিন আগে। এবং স্বাভাবিকভাবেই এইবার এই বড় মেয়ে সে, তার উপরে রেসপন্সিবিলিটি অনেক।

শামীম ওসমান বলেন, আমি কয়দিন বাঁচবো আমি জানি না। নারায়ণগঞ্জ সত্যিকারে গোপালগঞ্জের চেয়ে শক্তিশালী ছিল। আমাদের ভুলে আমি বলব কেন্দ্রেরও ভুল আছে। কেন্দ্রে বেশি ভুল আছে। এই ডিভাইড অ্যান্ড রুল-এই খেলাটা অনেক খারাপ খেলা। হ্যাঁ, এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং একটা সময় কিন্তু মুভমেন্ট করেছে নারায়ণগঞ্জে। এটা বঙ্গবন্ধুর বইতে বারবার লেখা আছে কিন্তু আত্মজীবনীতে। নেত্রীও বলেছেন ঢাকায় নারায়ণগঞ্জের মিছিল শামীম মিছিলে আসার পর্যন্ত আমি ওয়েট করতাম। আজকে ওই জায়গাটা এরকম হলো কেন? হলো এই কারণে যে কোটাভিত্তিক রাজনীতি আর পকেট কমিটি করা। এই যে পকেট কমিটি আর কোটাভিত্তিক রাজনীতি-এখনো এটা চলতেছে কিন্তু। আমার মহানগর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি খোকন সাহেব মারা গেছেন। সারাটা জীবন সে দলের জন্য জান দিয়ে গেছে, তার লাশটা তারা নিয়েও যায়নি। কে এখন সেক্রেটারি হবে? এখন হচ্ছে যুদ্ধ করার সময়, এখন সেক্রেটারি কে হবে এটা নিয়ে চলতেছে আবার ভেজাল।

২০ নভেম্বর রাতে একটি অনলাইন টক শোতে শামীম ওসমান এসব কথা বলেন।