ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও দলটির সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা নিয়েও চলছে আলোচনা। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি, জামায়াত ও এনসিপিকে একই অবস্থানে দেখা যেতে পারে।
জানা যায়, নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদ চারটি ধাপে নির্বাচনের পরিকল্পনায় রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জের ১৪টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দরের পাঁচটি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে এগুলো ধাপভিত্তিক পরিকল্পনা; সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ও চূড়ান্ত সময়সূচি আলাদাভাবে ঘোষণা করা হবে।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ, সামাজিক অনুষ্ঠান ও স্থানীয় পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন, স্থানীয় জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান এবং সংসদ সদস্যদের সমর্থন পাওয়ার হিসাব-নিকাশও শুরু হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের অতীতের সহিংসতা, নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবেন। নির্বাচনী মাঠে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা নিতে দেওয়া হবে না বলেও দলটির নেতাকর্মীরা মনে করছেন। তাদের দাবি, অতীতের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমেছে। ফলে জনগণ নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবেন।
তবে বিএনপির জন্যও নির্বাচন সহজ হবে না। দীর্ঘদিনের গ্রুপিং, অভ্যন্তরীণ কোন্দল এবং একই ইউনিয়নে একাধিক নেতার প্রার্থী হওয়ার আগ্রহ দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে যেসব ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী মাঠে রয়েছেন, সেখানে দলীয় সমঝোতা না হলে ভোটের মাঠে বিভক্তির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনকে জনসমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, সাধারণ ভোটাররা দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও এলাকার উন্নয়নের বিষয়গুলো বিবেচনা করে ভোট দেবেন। নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির সাংগঠনিক শক্তি ও স্থানীয় পর্যায়ের যোগাযোগকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
এনসিপির ক্ষেত্রেও স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর ইউনিয়ন পর্যায়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তারের সুযোগ হিসেবে নির্বাচনকে দেখছে দলটি। তরুণ নেতৃত্ব, নতুন মুখ এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সামনে আনার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করতে পারে এনসিপি। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, সাধারণ মানুষ প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করবেন। তবে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলটির সামনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
নির্বাচন ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দলগুলোকে একই অবস্থানে দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। জাতীয় রাজনীতিতে ভিন্ন অবস্থানে থাকলেও আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য তৈরি হতে পারে। তবে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি কেউই এককভাবে ছাড় দিতে চাইবে না। ফলে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক অবস্থানে মিল থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে।
















(29)-20261115060124.jpg)

(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)


আপনার মতামত লিখুন :