বিএনপির রাজনীতিতে আবারও আলোচনায় নারায়ণগঞ্জের দুই পরিচিত মুখ মুহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহ আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কৃত হয়েছিলেন তাঁরা। এবার বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির হাইকমান্ডের উদ্যোগের খবরে তাঁদের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে আশাবাদী হয়ে উঠেছেন তাঁদের অনুসারীরাও। তবে শেষ পর্যন্ত কবে নাগাদ তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মুফতি মনির কাসেমির বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কৃত হন গিয়াস উদ্দিন ও শাহ আলম। দলীয় মনোনয়ন না পেয়ে গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে শাহ আলমও দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন। তাঁদের এমন অবস্থানের কারণে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন করে বিভক্তি তৈরি হয়েছিল।
সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগের খবর প্রকাশ্যে আসার পর নারায়ণগঞ্জেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া প্রায় ৭২ জন গুরুত্বপূর্ণ নেতাকে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদের সমর্থন করাসহ বিভিন্ন কারণে বহিষ্কৃত আরও পাঁচ শতাধিক নেতার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্তের কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। দলটির এই উদ্যোগের পেছনে রয়েছে তৃণমূলের বিভক্তি দূর করা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার লক্ষ্য। বিশেষ করে সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, বহিষ্কৃতদের আবেদন যাচাই-বাছাই করে অতীতের সাংগঠনিক অবদান, দলীয় আনুগত্য ও অভিযোগের ধরন বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
নারায়ণগঞ্জের রাজনীতিতে গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের পরিচিতি ও সাংগঠনিক অবস্থান রয়েছে। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ঘোষিত পাঁচ সদস্যের জেলা বিএনপির আহবায়ক কমিটিতেও সদস্য ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার পর তাঁর দুই ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল ও কায়সার রিফাতও বহিষ্কৃত হন। নির্বাচনে পরাজয়ের পর গিয়াস উদ্দিন ও তাঁর অনুসারীরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাবনার খবরে তাঁর অনুসারীদের মধ্যে নতুন করে সক্রিয় হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
অন্যদিকে শাহ আলমও নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর দলে ফেরার সম্ভাবনাও স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় রয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে তাঁর অনুসারীরাও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুই নেতার প্রত্যাবর্তন শুধু তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার বিষয় নয়, নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব ও সাংগঠনিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জেলা বিএনপির পুনর্গঠন নিয়ে আলোচনা চলার মধ্যে অভিজ্ঞ এই দুই নেতার দলে ফেরা নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এখন পর্যন্ত গিয়াস উদ্দিন ও শাহ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে তাঁদের অনুসারীদের অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। শেষ পর্যন্ত তাঁরা দলে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে বিএনপির হাইকমান্ডের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপর।
















(29)-20261115060124.jpg)

(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)


আপনার মতামত লিখুন :