ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর দৈনিক বাজারদর প্রতিবেদনে রাজধানী ও আশপাশের নিত্যপণ্যের দামে কিছুটা স্থিতিশীলতা বা কিছু পণ্যে স্বস্তির আভাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রভাবই নেই নারায়ণগঞ্জের স্থানীয় খুচরা বাজারগুলোতে। সরকারি তালিকায় কাঁচামরিচ, আলু বা ডিমের দাম কমেছে বলে উল্লেখ করা হলেও নারায়ণগঞ্জ সদরের মধ্যে অন্যতম দিগুবাবুর বাজার, বন্দর বাজার, মাসদাইর বাজার, ইসদাইর বাজার, খানপুর বৌ বাজার, হাজীগঞ্জ বাজার, পাঠানটুলি বাজার, এনায়েত নগর বাজার, চৌধুরী বাড়ি বাজার-এ গেলে দেখা মেলে সম্পূর্ণ বিপরীত চিত্র। টিসিবির তালিকা আর স্থানীয় বিক্রেতাদের দরদামের মধ্যে কেজিতে ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বড় ব্যবধান তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের বাজারগুলোর প্রাণকেন্দ্র দিগু বাবুর বাজার পাইকারি ও খুচরা উভয় বিক্রয়ের বড় কেন্দ্র হওয়া সত্তে¡ও সেখানে সিন্ডিকেটের ভয়ানক প্রভাব সবচেয়ে বেশি। টিসিবির তালিকায় দেশী পেঁয়াজের দাম প্রতি কেজি ৪৫-৫৫ টাকা নির্ধারণ করা থাকলেও দীগু বাবুর বাজারে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। একইভাবে, টিসিবির তালিকায় খোলা আটার দাম ৫০ টাকা হলেও দীগু বাবুর বাজারে তা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
আবাসিক এলাকা সংলগ্ন খানপুর বৌ বাজার এবং হাজীগঞ্জ বাজার-এ মধ্যস্বত্বভোগীদের দাপটে দাম আরও এক ধাপ বাড়তি। কাঁচামরিচ টিসিবির তালিকায় ৬০-১২০ টাকা কেজি হলেও এসব এলাকায় বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। ফার্মের ডিমের দাম টিসিবি নির্ধারিত প্রতি হালি ৪২-৪৮ টাকার বিপরীতে খানপুর ও হাজীগঞ্জে ভোক্তাদের গুণতে হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, মডেল গার্মেন্টস এর বাজার, হাজীগঞ্জ বাজার, তল্লা বাজার, খানপুর বৌ বাজার ও এর আশেপাশের মুদি দোকানগুলোর মধ্যে যে সকল দোকানে ডিমের দাম বাড়তি তারা সবাই রিয়েল নামের এক স্থানীয় পাইকারী ডিম ব্যবসায়ীর থেকেই ডিম ক্রয় করেন। ওই সকল দোকানে ডিমের দাম বেশি কেন জানতে চাইলে দোকানিরা বলেন, ডিমের সাইজটা একটু দেখেন তারপর অটোমেটিকেলি বুঝে যাবেন ডিমের দাম কেন একটু বেশি। দাম দিয়া নিবেন সাইজ এ ছোট নিবেন কেন? বড় ডিমের বড় দাম!
অন্যদিকে, পাঠানটুলি বাজার, এনায়েত নগর বাজার এবং চৌধুরী বাড়ি বাজার-এ তদারকি দল বা মোবাইল কোর্টের উপস্থিতি প্রায় শূন্য বললেই চলে। এ কারণে এই বাজারগুলোতে মনগড়া দামে পণ্য বিক্রির প্রতিযোগিতা চলছে। চাঁদাবাজদের চাঁদার টাকা দ্রব্যম‚ল্যের সাথে যোগ করে দেন ব্যবসায়ীরা। ফলে দামের আগুনে ঝলসে যাচ্ছে ক্রেতাদের পকেট।
বাজারগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতাদের টিসিবির তালিকায় রুই মাছের দাম ৩০০-৪৫০ টাকা ও ব্রয়লার মুরগী ১৮০-১৯০ টাকা বলা হলেও এনায়েত নগর ও চৌধুরী বাড়ি বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায় এবং মানভেদে রুই মাছের দাম চাওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
দীগু বাবুর বাজারের সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমরা ঢাকা বা কারওয়ান বাজার ও স্থানীয় বড় আড়ত থেকে পণ্য আনি। রাস্তায় গাড়ি ভাড়া ও চাঁদা মেটাতে গিয়ে আমাদের অতিরিক্ত খরচ হয়। টিসিবি যে দামে হিসাব করে, সেই দামে আমরা পাইকারিতেই পণ্য কিনতে পারি না। আড়তদাররা পাকা রসিদ দেয় না, ফলে আমাদের বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।
খানপুর বাজারের ব্যবসায়ীরা দীগু বাবুর বাজার থেকে পাইকারি এনে খুচরায় বিক্রি করেন। তারা বলেন, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমদের এখানে দাম একটু বেশিই হয়ে যায়।
খানপুর বৌ বাজারে এসে গৃহিণী রোকসানা বেগম বলেন, সরকারের দামের তালিকা তো শুধু কাগজেই সীমাবদ্ধ। বৌ বাজার বা হাজীগঞ্জ বাজারে কোনো ম‚ল্য তালিকা টাঙানো থাকে না। একেক দোকানে একই পণ্যের দাম একেক রকম। দেখার কেউ নেই। আমরা সাধারণ মানুষ পুরোপুরি জিম্মি হয়ে গেছি।
এনায়েত নগর বাজারে কেনাকাটা করতে আসা কারখানা শ্রমিক শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, টিভিতে আর পেপারে দেখি টিসিবির দাম একরকম, আর বাজারে ঢুকলে অন্য দৃশ্য। কাঁচামরিচ আর পেঁয়াজ কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যায়। যে আয় করি, তা দিয়ে পরিবার নিয়ে তিন বেলা খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মাংসের দিকে তো তাকানোই যায় না, এখন ডিম আর আলু কিনতেও ঘাম ছুটছে।





















(29)-20261115060124.jpg)

(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)


আপনার মতামত লিখুন :