News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওভোগ আখড়ায় নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলায় দুর্ভোগে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:৩০ পিএম দেওভোগ আখড়ায় নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলায় দুর্ভোগে

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া ও ইসকন মন্দিরসংলগ্ন এলাকায় কয়েক দিন ধরে ময়লা-আবর্জনা অপসারণ না করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী ও মন্দিরে আসা দর্শনার্থীরা। সড়ক ও অলিগলিতে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে এমন অবহেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, এলাকাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরে ল²ী নারায়ণ আখড়া ও ইসকন মন্দিরের আশপাশসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে ময়লা-আবর্জনা জমে থাকলেও তা অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, নগরীর পরিচিত ধর্মীয় ও জনসমাগমপূর্ণ একটি এলাকায় এমন অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন বয়সী মানুষ, নারী-শিশু, ব্যবসায়ী ও দর্শনার্থীরা চলাচল করেন। দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে চলাচল করতে হচ্ছে। দ্রæত বর্জ্য অপসারণ না করায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের দায়িত্ব থাকলেও কয়েক দিন ধরে সেই কার্যক্রমে অনিয়ম দেখা দিয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করছেন কি না, সংশ্লিষ্ট তদারককারী কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ না করার অভিযোগ নতুন নয়। নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহ না করা, সড়কের পাশে ময়লা জমে থাকা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন সময় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। অথচ নাগরিকদের কাছ থেকে নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন রাজস্ব আদায় করে সিটি করপোরেশন। বিনিময়ে নাগরিক সেবার মান নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বর্জ্য জমে থাকলে দুর্গন্ধের পাশাপাশি মাছি ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হয়। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং তা যথাযথভাবে তদারকি করা জরুরি।

এ ক্ষেত্রে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়ী করলেই চলবে না; সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পরিচ্ছন্নতা বিভাগের তদারককারী এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নির্ধারিত সময়ে বর্জ্য সংগ্রহ হচ্ছে কি না, পরিচ্ছন্নতাকর্মীরা দায়িত্ব পালন করছেন কি না এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া ও ইসকন মন্দিরসংলগ্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহ ও অপসারণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর প্রশ্ন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি করা হলে জনবহুল একটি এলাকায় দিনের পর দিন ময়লা-আবর্জনা পড়ে থাকে কীভাবে? নাগরিকদের করের অর্থে পরিচালিত সেবা ব্যবস্থায় এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তাঁরা।

দেওভোগের এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে নজরদারি বাড়ানো জরুরি। কারণ পরিচ্ছন্ন নগর গড়ার প্রতিশ্রুতি শুধু পরিকল্পনা বা প্রচারণায় সীমাবদ্ধ রাখলে চলবে না; এর বাস্তব প্রতিফলন থাকতে হবে নগরীর প্রতিটি সড়ক, অলিগলি ও জনসমাগমপূর্ণ এলাকায়।