News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৫৬ পিএম রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্সে নামে কারখানার  শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সড়কে  গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন তাঁরা।

শ্রমিকেরা অভিযোগ করে বলেন,  গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তাঁরা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন বুঝিয়ে দিতে হবে। একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।