News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া বসতবাড়ি পরিদর্শনে এমপি ও প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৪৩ পিএম গভীর রাতে ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া বসতবাড়ি পরিদর্শনে এমপি ও প্রশাসক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার ঘটনায় দেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে। ফিল্মি স্টাইলের এই তান্ডবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীরা নড়েচড়ে বসেছেন।  ক্ষতিগ্রস্ত সেই বসতবাড়ি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও জেলা পরিষদ  প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। 

মঙ্গলবার  (২৪ নভেম্বর) সন্ধ্যায় দুইজন পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, সোমবার গভীর রাতে (নাসিক) ১নং ওয়ার্ডস্থ হীরাঝিল আবাসিক এলাকার সুলতানা বেগম নামের এক নারীর বসতবাড়িতে ১৫০-২০০ জনের একটি সশস্ত্র দল হামলা চালান।

এসময় হামলাকারীরা ওই বসতবাড়িটি দখল নিতে ভেকু দিয়ে পুরো বাড়িকে গুড়িয়ে দেন। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমিকে দীর্ঘদিন ধরে পেয়ার আলী,মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ সজীব ও জসিম নামকরা সন্ত্রাসী কায়দায় জবরদখলের চেষ্টা করে যাচ্ছিল। যা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে এবং ওই বিরোধ নিয়ে ইতোপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। এরপর থানা হতে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। তবে,আদালতের নির্দেশনাকে অমান্য করে গভীররাতে অভিযোগযুক্তরা ১৫০-২০০ জনের গ্রুপ নিয়ে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জমিটি দখলের জন্য গভীর রাতে ভেকু দিয়ে গুড়িয়ে দেন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে এসে তারা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান ও ন্যায় বিচারের আশ্বাস দেন। পরিদর্শন এসে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা অনুদান করেন এবং এ ঘটনার যথাযথ বিচার হবে বলে আশ্বাস দেন।

তিনি গণমাধ্যমের সামনে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা এবং আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছি।

ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ ঘটনার যথাযথ বিচার হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্যে প্রশাসন সচেষ্ট রয়েছেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, উক্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।