News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর থানার প্রধান ফটকের সামনে আবর্জনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৫৮ পিএম বন্দর থানার প্রধান ফটকের সামনে আবর্জনা

নারায়ণগঞ্জের বন্দর থানার প্রধান ফটকের ঠিক সামনেই দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন থানার প্রধান প্রবেশপথ ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপ্তরিক পরিবেশ ও জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে।

সরেজমিনে দেখা যায়, বন্দর উপজেলার নাসিক ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় বন্দর থানা অবস্থিত। থানার প্রধান ফটক সংলগ্ন স্থানে স্থানীয় অসচেতন কিছু মানুষ নিয়মিত গৃহস্থালি ও অন্যান্য ময়লা-আবর্জনা ফেলে যাচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও থানার সামনে এমন কাজের ফলে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সম্পদ ও প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটি থানার প্রধান ফটকের সামনে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। এভাবে ময়লা ফেলতে থাকলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হবে এবং রোগবালাই ছড়ানোর ঝুঁকি তৈরি হবে। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখা যদি দ্রুত দায়িত্বশীল ভূমিকা নেয় এবং নজরদারি বাড়ায়, তবে এখানে ময়লা ফেলা বন্ধ করা সম্ভব।

বন্দর থানার প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমারও নজরে এসেছে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এখানে সতর্কতামূলক বিজ্ঞপ্তি লিখে টানিয়ে দেব, যাতে কেউ এখানে ময়লা-আবর্জনা না ফেলে।

স্থানীয়দের দাবি, কেবল সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানানোর পাশাপাশি নিয়মিত ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বা সংগ্রহের ব্যবস্থা এবং অসচেতন ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করলে থানার সামনের পরিবেশ দ্রুত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।