নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বন্দর ঘাট, স্থানীয় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোরিকশা ও গণপরিবহন থেকে টোল আদায় বন্ধের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বর্তমান প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।
একই সাথে এসকল পয়েন্টের ইজারা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা কথিত ইজারা বা ‘বৈধ চাঁদাবাজি’ বন্ধ হওয়ায় স্থানীয় জনগণের মাঝে দীর্ঘস্থায়ী স্বস্তি ফিরে এসেছে যা শোষণের অবসান ও জনবান্ধব পদক্ষেপ।
বিগত ফ্যাসিস্ট আমল থেকে ‘রাজস্ব আদায়ের’ দোহাই দিয়ে বন্দরের বিভিন্ন মোড়ে মোড়ে যে ইজারা প্রথা চালু ছিল, তা মূলত সাধারণ পরিবহন শ্রমিকদের ওপর মধ্যযুগীয় শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো।
ইজারাদারদের নিয়োজিত লোকজনের হাতে শ্রমিকদের নাজেহাল হওয়ার ঘটনা ছিল নিত্যদিনের। প্রশাসকের এই গণমুখী সিদ্ধান্তের ফলে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াত খরচ কমবে, অন্যদিকে পরিবহন শ্রমিকরা হয়রানি থেকে মুক্তি পাবেন। কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে প্রভাব পরবে।
জনশ্রুতি রয়েছে যে, এই টোল আদায়ের বিপুল পরিমাণ অর্থ স্থানীয় কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতায় ব্যয় হতো। ইজারাদাররা তাদের রাজত্ব কায়েম রাখতে এই বাহিনীদের ব্যবহার করত। এখন ইজারা বাতিল হওয়ায় এই অপরাধী চক্রগুলোর অর্থের উৎস বন্ধ হবে, যার ফলে রাস্তাঘাটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও প্রভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
ইজারা প্রথার অবসান ঘটিয়ে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার একন একটি টেকসই ও সুন্দর গণপরিবহন কাঠামো গড়ে তুলতে সরাসরি ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক পুলিশ বা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে যাতায়াত ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্য মোতায়েন করে যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।
তাছাড়া নাসিকের নিজস্ব জনবলও এখানে কাজে লাগানো যেতে পারে। সকল অটোরিকশাকে একটি সুনির্দিষ্ট ডাটাবেজ বা নিবন্ধনের আওতায় এনে শৃঙ্খলা ধরে রাখা সম্ভব।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের এই সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তকে বন্দরের খেটে খাওয়া মানুষ, সাধারণ যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলেই সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে গৃহীত এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জের পরিবহন খাতে দীর্ঘদিনের অরাজকতা দূর করতে একটি মাইলফলক হয়ে থাকবে।









































আপনার মতামত লিখুন :