নারায়ণগঞ্জ শহরে বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগতে হচ্ছে নগরবাসীকে। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিরাজ করছে বিশুদ্ধ পানির সঙ্কট। বিশেষ করে নাসিকের সরবরাহকৃত পানিতে তীব্র উৎকট দুর্গন্ধ বিরাজ করায় তা দিয়ে কুলিও করা যাচ্ছেনা। ড্রেনের নির্মাণ কাজ করতে গিয়ে নাসিকের সরবরাহকৃত লাইনের বিভিন্ন স্থানে ছিদ্র দিয়ে ড্রেনের পানি ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যার পানি একসময় দুই পাড়ের মানুষ রান্নার কাজে ব্যবহার করতো। বিভিন্ন শিল্প বর্জ্যরে কারণে দেশের দ্বিতীয় দূষিত নদী হিসাবে চিহ্নিত শীতলক্ষ্যা অস্তিত্ব সঙ্কটে ধুঁকছে। যে কারণে শীতলক্ষ্যার পানি সঠিকভাবে পরিশোধনও করতে পারছেনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যার পানি শোধনের পরে পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। তবে কয়েক বছর পূর্বে ঢাকা ওয়াসাকে নিজেদের অধীনে নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বর্তমানে নগরবাসীকে পানি সরবরাহ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এদিকে শীতকাল আসার আগেই শহরের বিভিন্ন এলাকায় নাসিকের ওয়াসার সরবরাহকৃত পানিতে বিরাজ করছে তীব্র উৎকট দুর্গন্ধ। শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লা, উত্তর চাষাঢ়া, মিশনপাড়া, আমলাপাড়া, জামতলাসহ বিভিন্ন এলাকাতে গত কিছুদিন ধরেই বিরাজ করেছে এ চিত্র।
শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকার বাসিন্দা মেহরাব ইসলাম জানান, গত কয়েকদিন ধরে নাসিকের ওয়াসার পানিতে তীব্র উৎকট দুর্গন্ধ বিরাজ করছে। এই পানি ব্যবহারতো দূরের কথা ওযু করার জন্য মুখে নিয়ে কুলি করতে গিয়ে বমি করার উপক্রম হচ্ছে। আমাদের যাদের বসতবাড়িতে রিজার্ভ পানির টাংকি রয়েছে তাদের সমস্যা না হলেও যাদের রিজার্ভ পানির টাংকি নেই তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
শহরের জামতলা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রাসেল জানান, গত কয়েকদিন ধরে তাদের এলাকাতেও নাসিকের ওয়াসার সরবারহকৃত পানিতে উৎকট দুর্গন্ধ বিরাজ করছে। যাদের বসতবাড়িতে সাবমারসিবল পানির পাম্প রয়েছে আমরা তাদের বসতবাড়ি থেকে পানি নিয়ে এসে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়াসা বিভাগের দায়িত্বে থাকা প্রকৌশলী জুবায়ের জানান, শহরের আমলাপাড়াসহ কয়েকটি এলাকায় ডীপ ড্রেনের কাজ করতে গিয়ে পাইপলাইনে ছিদ্র হয়ে সেখান দিয়ে ড্রেনের ময়লা পানি প্রবেশ করে এ অবস্থা হয়ে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন ইতোমধ্যে মেরামত হয়েছে। তবে ড্রেনের ভেতরে ময়লা থাকার কারণে এখনো হয়তো দুর্গন্ধ রয়ে গেছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নাসিকের বিভিন্ন স্থানে পাইপাইনগুলো অনেক পুরাতন হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে এই সমস্যার সমধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



























-20261014113949.jpg)









আপনার মতামত লিখুন :