News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:০৩ পিএম সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা ২ লাখ ৪ হাজার ২৪০ টাকার মালামাল এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন (৩৪), রাব্বি (৩০), হৃদয় চন্দ্র দাস (৩০) ও মাসুম (২৯)। তাঁরা সবাই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তাঁদের মধ্যে রাব্বির স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি দল মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের অভিযোগে ওই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেছেন ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম।