News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সহযোদ্ধা খোকন সাহার সুস্থতা কামনা করলেন আনোয়ার হোসেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৯:৪৬ পিএম সহযোদ্ধা খোকন সাহার সুস্থতা কামনা করলেন আনোয়ার হোসেন

দীর্ঘ প্রায় ৩০ বছরের রাজনৈতিক সহযোদ্ধা অ্যাডভোকেট খোকন সাহার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন খোকন সাহার সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে খুদে বার্তা পাঠিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দোয়ার আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।

অ্যাডভোকেট খোকন সাহা ১৯৯৬ সাল থেকে শহর ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতার খবরে তাঁর রোগমুক্তি কামনা করে নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান আনোয়ার হোসেন।

খুদে বার্তায় আনোয়ার হোসেন লেখেন, “নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা গুরুতর শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে অতি দ্রুত সুস্থতা দান করেন।”

বার্তায় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৭টি ওয়ার্ডে খোকন সাহার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের অনুরোধ জানানো হলো। 

ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে খোকন সাহার সুস্থতা কামনায় পাঠানো খুদে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মৃত্যু নিয়ে গুজব রটানো অভিযোগ উঠেছে। এখনো তিনি ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় বা ইলেকট্রোলাইট ইমব্যালান্স (Electrolyte Imbalance) রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী। 

খোকন সাহা চিকিৎসা সেবায় রয়েছেন তার স্ত্রী, ভাগিনা ভাতিজী ও শ্বশুড়বাড়ি স্বজনরা। ইতোমধ্যে তারা নারায়ণগঞ্জ সহ দেশবাসীর কাছে খোকন সাহার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। গ্রেপ্তার এড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। 

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর থেকে তাঁর প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।